মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে কুমিল্লায় ৫শ’ শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও ৬শ’ ৩৭ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার দুপুরে কুমিল্লা শহরে জেলা প্রশাসকের বাসভবন সংলগ্ন শহীদ জেলা প্রশাসক সামসুল হক খান মঞ্চে তাদের এ সম্মাননা দেওয়া হয়।
এদিকে, দিবসটি উপলক্ষে সকালে নগরীর টাউন হল মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিন বাহার, জেলা পরিষদের চেয়ারম্যান মো. আবু তাহের, কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. গোলামুর রহমানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
পরে টাউন হলের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মঞ্চে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের তাৎপর্য এবং উন্নয়ন অগ্রগতি’ শীর্ষক এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এছাড়া, এদিন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, দক্ষিণ জেলা বিএনপিসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়।
এর আগে রবিবার রাতে নগরীর পুলিশ লাইন্সে জেলা পুলিশের আয়োজনে গণহত্যা দিবস উপলক্ষে মঙ্গল প্রদীপ প্রজ্বালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।








