দেশের মানুষ এবার জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। তিনি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে দেশের ৩শ’ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিয়ে রয়েছে আমাদের। জাতীয় পার্টি এখন জনপ্রিয় দল। মানুষ এখন জাতীয় পার্টিকে ভালবাসে এবং ক্ষমতায় দেখতে চায়।’
শনিবার (৩১ মার্চ) নারায়ণগঞ্জের ফতুল্লা দাপা ইদ্রাকপুর এলাকায় সংসদ সদস্য সেলিম ওসমানের ব্যবসা প্রতিষ্ঠান ‘উইজডম অ্যাটায়ার্স লিমিটেডে’ জেলা ও মহানগর জাতীয় পার্টি আয়োজিত দলটির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিয়ম সভায় তিনি এসব কথা বলেন।
হুসেইন মুহাম্মদ এরশাদ বলেন, ‘বিএনপি নির্বাচনে আসুক বা না আসুক, আমরা নির্বাচন করার জন্য প্রস্তুত। ৯ বছরের শাসনামলে আমি কোনও অন্যায় কাজ করিনি। আগামী নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের মতো ব্যক্তিদের মনোনীত করতে পারলে বিজয় আমাদের নিশ্চিত। আমি বাকি জীবন মানুষের জন্য কাজ করতে চাই; মানুষের সেবা করে ভালোবাসা পেতে চাই।’
জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবুল জাহেরের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন– জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন বাবলু, জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, বগুড়া থেকে নির্বাচিত সংসদ সদস্য নুরুল ইসলাম ওমর, যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, প্রেসিডিয়াম সদস্য ফয়সাল চিশতি, শফিকুল ইসলাম সেন্টু, নূর ইসলাম নুরু, গোলাম মোহাম্মদ রাজু, সাংগঠনিক সম্পাদক হাজী নাসির, স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব বেলাল হোসেনসহ অনেকে।
সংসদ সদস্য সেলিম ওসমান তার বক্তব্যে দলীয় নেতাকর্মীর উদ্দেশে বলেন, ‘আপনারা সবাই সব দুঃখ-কষ্ট ভুলে একত্রিত থাকবেন। নারায়ণগঞ্জে জাতীয় পার্টিকে আরও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে।’
আগামী সংসদ নির্বাচন সম্পর্কে তিনি বলেন, ‘আমি সবসময় উন্নয়নের রাজনীতি করেছি। আমি প্রার্থী হই বা না হই, নারায়ণগঞ্জে যাতে স্বাধীনতাবিরোধী শক্তির কেউ নির্বাচিত না হতে পারে, তার জন্য প্রয়োজনে পাঁচটি আসনেই লাঙ্গল প্রতীকের প্রার্থী দেওয়া হবে।’








