নীলফামারীতে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহের কথা বলে টাকা নেওয়ার অভিযোগে মো. সিয়াম শাহরিয়ার নামে (২০) একজনকে আটক করেছে রংপুরের র্যাব-১৩। এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন র্যাবের রংপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আরমীন রাব্বী।
র্যাব জানিয়েছে, সোমবার (২ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে জেলা সদরের নিজপাড়া গ্রামের বাড়ি থেকে সিয়ামকে আটক করা হয়। সে ওই গ্রামের বাবলুর রহমানের ছেলে।
র্যাব-১৩ জানিয়েছে, সিয়াম শাহরিয়ার অর্থের বিনিময়ে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহের নাম করে ফেসবুক ও হোয়াট্সঅ্যাপের মাধ্যমে একাধিক শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করে অর্থ আদায় করে প্রতারণা করেছে। এ অভিযোগ পাওয়ার পর সোমবার বিকালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-১৩ রংপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আরমীন রাব্বী বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা স্বীকার করেছে সিয়াম শাহরিয়ার। সে এসএসসি পরীক্ষার সময়েও একইভাবে প্রতারণা করে অর্থ সংগ্রহ করেছে বলে জানিয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’








