জমি-সংক্রান্ত বিরোধের জেরে সুনামগঞ্জ সদর উপজেলায় বড় ভাই জামাল উদ্দিনের লাঠির আঘাতে কনস্টেবল নিজাম উদ্দিন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ এপ্রিল) সকালে উপজেলার গৌরারং ইউনিয়নের ইনাতনগর গ্রামে লাঠি দিয়ে নিজাম উদ্দিনের মাথায় আঘাত করেন জামাল উদ্দিন, পরে রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিজাম উদ্দিন মারা যান।
নিজাম উদ্দিন সিলেট পুলিশ লাইনের পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সকালে নিজাম উদ্দিন ও তার বড় ভাই জামাল উদ্দিনের মধ্যে বাড়ির জায়গা নিয়ে কথাকাটাকাটি হয়। এরই একপর্যায়ে জামাল উদ্দিন ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে নিজাম উদ্দিনের মাথায় বাড়ি দেন। এতে নিজাম উদ্দিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে রাতে তিনি মারা যান।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ বলেন, ‘জামাল উদ্দিন গা-ঢাকা দিয়েছেন। তাকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চলছে। মামলা দায়ের প্রস্তুতি চলছে। নিহতের লাশ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।’








