মজুরি কমিশন ঘোষণাসহ ১১ দফা দাবিতে রেল ও সড়কপথ অবরোধসহ ১১ দিনের কর্মসূচির ঘোষণা দিয়েছেন খুলনার রাষ্ট্রায়াত্ত পাটকলের শ্রমিক-কর্মচারীরা। গতকাল শুক্রবার (৬ এপ্রিল) বিকালে খালিশপুর পিপলস চত্বরে এক জনসভায় এ কর্মসূচি ঘোষণা করে রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ পরিষদ।
১১ দিনের কর্মসূচির মধ্যে রয়েছে– ৯ এপ্রিল থেকে সব পাটকলে একযোগে গেটসভা, ১১ এপ্রিল প্রতি শিফটে বিক্ষোভ-মিছিল, ১৩ এপ্রিল খালিশপুর পিপলস চত্বরে জনসভা, ১৫ এপ্রিল সকাল ১০টায় রাজপথে বিক্ষোভ-মিছিল, ১৭ এপ্রিল সকাল ১০টা-১২টা পর্যন্ত প্রধান কার্যালয় ঘেরাও, ১৮ এপ্রিল সকাল ৬টা থেকে ১৯ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত কর্ম-বিরতি, ২২ এপ্রিল সকাল ১০টায় লাল পতাকা মিছিল, ২৪ এপ্রিল সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত রাজপথে কফিন মিছিল, ২৭ এপ্রিল নরসিংদী ইউএমসি জুটমিলে জনসভা বিকাল ৪টায়, ২৯ এপ্রিল সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজপথ-রেলপথ অবরোধ, ৪ মে খালিশপুর পিপলস চত্বরে জনসভা।
শুক্রবারের শ্রমিক জনসভায় সভাপতিত্ব করেন– আলীম জুটমিলের সিবিএ সভাপতি আব্দুল হামিদ সরদার। এতে বক্তব্য রাখেন– রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ পরিষদের কার্যকরী সভাপতি সোহরাব হোসেন, যুগ্ম-আহ্বায়ক হারুন অর রশিদ, এস এম জাকির হোসেন, ফরাজী নজরুল ইসলাম, শ্রমিকনেতা দ্বীন ইসলাম, সদার ইউসুফ আলী, মির্জা বসির আহমেদ, আনিসুর রহমান, মো. বেল্লাল হোসেন, মো. আব্দুল মান্নান, মো. পান্নু মিয়া, মো. সাইফুল ইসলাম, আলাউদ্দিন, চৌধুরী মিজানুর রহমান, হাসান উল্লাহ, খলিলুর রহমান, গাজী মাসুম, আ. ছালাম, আ. রশিদ, আনিসুর রহমান আবু হানিফসহ খুলনা অঞ্চলের ৯ পাটকলের শ্রমিক নেতারা।








