পরীক্ষা চলাকালে সঙ্গে মোবাইল ফোন পাওয়ায় এক পরীক্ষার্থীকে বহিষ্কার করার পর ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা চলাকালে জয়পুরহাট সরকারি কলেজ কেন্দ্রে ঘটনাটি ঘটে। বিষয়টি জয়পুরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল হক নিশ্চিত করেছেন।
তিনি জানান, পরীক্ষা চলাকালে ওই কেন্দ্রের পরীক্ষার্থী আক্কেলপুর মজিবর রহমান ডিগ্রি কলেজের শিক্ষার্থী ফরহাদ হোসেনের কাছে মোবাইল ফোন পেয়ে কক্ষ পরিদর্শক তাকে বহিষ্কার করেন। পরে মোবাইল ফোন রাখার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠান।








