ঝড়ো হাওয়ার দেড় ঘণ্টার বেশি সময় বন্ধ থাকার পর কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝড়ো হাওয়া শুরু হলে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। পরে হাওয়ার তীব্রতা কমে গেলে রাত ৮টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ঘাট সূত্র জানায়, সন্ধ্যার দিকে আকাশ কালো মেঘে ঢেকে গেলে ঘাট থেকে কোনও ফেরি ছাড়া হয়নি। ফেরিগুলো ঘাটেই যানবাহন বোঝাই করে অবস্থান নেয়। তবে সন্ধ্যার আগে কাঁঠালবাড়ি ও শিমুলিয়া উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া লঞ্চ ও ফেরিগুলো পদ্মার মধ্যে ঝড়ো হাওয়ার কবলে পড়ে। লঞ্চ ও ফেরিগুলোর কোনটি সাবধানতার সঙ্গে চলছিল, কোনটি পদ্মার চরে নোঙর করে রাখা হয়। ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হওয়ায় এসব নৌযানে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয় বলে জানা গেছে।
বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ি ঘাটের ব্যবস্থাপক সালাম হোসেন জানান, সন্ধ্যার পরে এই রুটে লঞ্চ চলাচল নিষিদ্ধ; তাই কোনও লঞ্চ আর ছেড়ে যায়নি। ঝড়ের কারণে দেড় ঘণ্টার বেশি সময় ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে যানবাহনের ভিড় কিছুটা বেড়েছে।








