পহেলা বৈশাখ উপলক্ষে মানিকগঞ্জের আরিচা ঘাটের কাছে যমুনা নদীর তীরে এক বর্ণাঢ্য ‘বৈশাখী ঘুড়ি উৎসব’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে ‘শতদল’ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এই ঘুড়ি উৎসবের আয়োজন করে।
শিবালয় উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবরের সভাপতিত্বে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয় প্রধান অতিথি এবং মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দিন ঘুড়ি উৎসবের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ।
পহেলা বৈশাখে এ ঘুড়ি উৎসবকে কেন্দ্র করে আরিচার যমুনার পাড়ে বসে নারী-পুরুষ ও শিশুসহ হাজারো মানুষের মিলন মেলা। এ যেন বাঙালির ভিন্ন এক উৎসবের আমেজ। এই ঘুড়ি উৎসবে শত শত বিভিন্ন ধরনের ঘুড়ি আকাশে উড়তে দেখা যায়। এসব ঘুড়ির মধ্যে উল্লেখ্যযোগ্য হচ্ছে— নৌকা ঘুড়ি, আমি সোফিয়ান ঘুড়ি, পরী ঘুড়ি, উড়োজাহাজ ঘুড়ি, কৈইরা, চিলা, পতেঙ্গা, ফুল, মানুষ ঘুড়ি, ময়ূরসহ বিভিন্ন ধরনের ঘুড়ির প্রতিযোগিতা হয়। উৎসব শুরুর আগে ১৬টি ক্যাটাগরির মোট ২২৩টি ঘুড়ি রেজিস্ট্রেশন করা হয়।
প্রতিটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় মোট তিনটি করে বৈচিত্র্যময় এবং দর্শনীয় সেরা ৪৮টি ঘুড়ির জন্য রঙিন টেলিভিশনসহ বিভিন্ন ধরনের পুরস্কার প্রদান করা হয়।
জেলার বিভিন্ন এলাকা থেকে আগত ঘুড়িওয়ালাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— জেলা আওয়ামী লীগ নেতা তায়েবুর রহমান টিপু, শিবালয় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার লতা, জেলা পরিষদের সদস্য নাজমা আক্তার, উপজেলা যুবলীগের আহ্বায়ক মিরাজ হোসেন লালন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন ও শিবালয় বন্দর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. খন্দকার বেলায়েত হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করেন ‘শতদল’ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের কার্যকরী পরিষদের সভাপতি মো. আমজাদ হোসেন।
এ ঘুড়ি উৎসবে বিভিন্ন প্রকার ঘুড়ির স্টলের পাশাপাশি ভোজন রসিকদের জন্য ছিল চটপটি, ফুচকাসহ নানা ধরনের খাবারের দোকান।
জেলার সাতটি উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ আসেন এ ঘুড়ি উৎসবে। শনিবার দুপুর থেকেই আরিচা ঘাটের যমুনা নদীর পারে নামে মানুষের ঢল।
উল্লেখ্য, শিবালয় শতদল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন প্রতিবছরের মতো এবারও সকালে শিবালয় তিন নম্বর মডেল ইউনিয় পরিষদের হল রুমে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে। এছাড়া বিগত আট বছর ধরে আরিচা ঘাটের যমুনা নদীর পাড়ে এ ঘুড়ি উৎসব ও মেলার আয়োজন করে আসছে।








