আইনি প্রক্রিয়ার মাধ্যমে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেন, ‘আদালতের রায়ে দণ্ডিত আসামিকে আন্দোলন করে মুক্ত করা যায় না। পৃথিবীর কোনও দেশেই এমন নজির নেই।’
রবিবার (১৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া লালন একাডেমির উন্নয়ন কাজের পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
‘আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করে আনা হবে’ বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনের এই মন্তব্যের প্রেক্ষিতে মাহবুবউল আলম হানিফ উপরের কথাগুলো বলেন।
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, ‘সরকারবিরোধী আন্দোলন করে বিএনপির দাবি আদায়ের ক্ষমতা কতটুকু আছে, জনগণ জানে। বিএনপি নেতাকর্মীদের এমন বক্তব্যে প্রমাণিত হয়, তারা আসলে খালেদা জিয়ার মুক্তি চায় না।’
তিনি আরও বলেন, ‘গত ৯ বছরে এমন হুমকি অনেকবার পেয়েছি। এর ফলাফল কী হয়েছে তা দেশবাসী জানে। বিএনপির এমন কথাবার্তার কোনও মূল্য নেই।’
এসময় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খানসহ অনেকে।








