পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের একটি খাল থেকে পুলিশ আরিফ হাওলাদার নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে। বুধবার (১৮ এপ্রিল) সকাল লাশটি উদ্ধার করা হয়। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গোলাম ছরোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত আরিফ উপজেলার মিরুখালী ইউনিয়নের বাশবুনিয়া গ্রামের নির্মান শ্রমিক আনোয়ার হোসেনের ছেলে।
নিহতের বাবা আনোয়ার হোসেন জানান, গত পহেলা বৈশাখ বিকালে আরিফ বাড়ি থেকে বের হয়ে মুসুল্লী বাড়ির দিকে যায়। এরপর আর সে ফিরে নাই। মঙ্গলবার এ বিষয়ে মঠবাড়িয়া থানায় একটি সাধারন ডায়েরি করা হয়।
ওসি জানান, স্থানীয় লোকজন বুধবার সকালে মিরুখালী ইউনিয়নের তেতুলবাড়িয়া খালে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। খবর পেয়ে আনোয়ার হোসেন হাওলাদার ও তার স্ত্রী ফরিদা লাশটি তার বড় ছেলে আরিফের বলে সনাক্ত করে।
তিনি আরও জানান, লাশের পা দড়ি দিয়ে বাধা ছিল। এছাড়া মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় কোপের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা ঐ যুবককে পরিকল্পিতভাবে হত্যা করার পর লাশ খালে ফেলে রেখে যায়। ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।








