নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ৪২ লাখ টাকার জাল নোট ও টাকা তৈরির সরঞ্জামাসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-২ । মঙ্গলবার সকালে দক্ষিণ সস্তাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার ৪২ লাখ টাকার মধ্যে ১০০০ ও ৫০০ টাকা নোট রয়েছে।
র্যাব-২ এর এএসপি শহীদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় র্যাব-২ এর ডিএডি আতিকুর রহমানও উপস্থিত ছিলেন।
গ্রেফতাকৃতরা হলো- মামুন ইসলাম (২১) ও কমলা বেগম (৩২)। তাদের স্থায়ী ঠিকানা বাগেরহাট জেলায়। তারা দু’জন সর্ম্পকে ভাই-বোন পরিচয় দিলেও তাদের অন্য আরো সর্ম্পক থাকতে পারে।
প্রেস ব্রিফিংয়ে র্যাব-২ এর এএসপি শহীদুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সকাল ৭টার দিকে দক্ষিণ সস্তাপুর এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে জাল নোট তৈরির সময় তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পর যোগসাজশে জালনোট তৈরি করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুসারে নিয়মিত মামলা করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।








