রাজশাহী চারঘাটে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছেন। গুলি বিনিময়ের সময় আহত হয়েছেন র্যাবের চার সদস্য। ঘটনাস্থল থেকে বিদেশি অস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মাহাববুর রহমান। তিনি জানান, চারঘাটের হাজির ঢালান বিলের মধ্যে বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় খবর পেয়ে র্যাব সেখানে উপস্থিত হয়। র্যাবের সদস্যদের লক্ষ্য করে ডাকাত দলের সদস্যরা গুলি ছুড়তে থাকে। র্যাবও পাল্টা গুলি ছোড়ে। উভয়পক্ষের গুলিবিনিময় শেষে ডাকাত দলের এক সদস্যকে উদ্ধার করা হয়। তাকে পরে চারঘাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিসৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। গুলিতে র্যাবেরও চার সদস্য আহত হন।
র্যাবের এই কর্মকর্তা আরও জানান, নিহত ডাকাত দলের সদস্যর নাম রায়হান সর্দার, তার বাড়ি বাঘা উপজেলায়। তার নামে জেলার বিভিন্ন থানায় ডাকাতি, ধর্ষণ এবং অপহরণসহ অন্যান্য অপরাধের মামলা রয়েছে।








