নারায়ণগঞ্জের সাত খুন মামলায় উচ্চ আদালতের রায় দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন ও শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মৌচাক বাস স্ট্যান্ডে গণসংহতি আন্দোলনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। নিহতদের স্বজন ও স্থানীয় এলাকাবাসী এতে অংশ নেন।
কর্মসূচিতে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা শাখার নির্বাহী সমন্বয়ক অঞ্জন দাস, গণসংহতি আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানা শাখার আহ্বায়ক জাহিদুল আলম আল জাহিত, ছাত্র ফেডারেশন সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি আশিকুর রহমান, নিহত তাজুল ইসলামের বাবা আবুল খায়ের, নিহত স্বপনের ছোট ভাই মিজানুর রহমানের রিপন, গাড়িচালক জাহাঙ্গীরের স্ত্রী নপুর বেগম, তাজুল ইসলামের ছোট ভাই সাইফুল ইসলাম রাজু, নজরুল ইসলামের শ্যালক সফিকুর ইসলাম সফিক প্রমুখ।
বক্তারা সাত খুন মামলার আসামিদের রায় দ্রুত কার্যকরের জন্য সরকারের কাছে দাবি জানান। তারা বলেন, আসামিদের স্থাবর-অস্থাবর সম্পদ যেন বাজেয়াপ্ত করা হয়। নিহত অসহায় পরিবারগুলোর দায়িত্ব যেন সরকার নেয়।
এর আগে সিদ্ধিরগঞ্জের কদমতলী থেকে নিহতদের স্মরণে একটি শোক র্যালি বের করা হয়। র্যালিটি কদমতলী পুলে গিয়ে শেষ হয়। এছাড়া নিহত নজরুল ইসলামের পরিবারের পক্ষ থেকে মিলাদ মাহফিল, দোয়া ও কবর জিয়ারত এবং এতিমখানায় মানসম্মত খাবার পরিবেশন করা হয়।








