রায়পুরায় ইউপি চেয়ারম্যানকে হত্যার জেরে প্রতিপক্ষের বাড়িতে আগুন

নরসিংদী প্রতিনিধি
০৩ মে ২০১৮, ২১:২৫আপডেট : ০৩ মে ২০১৮, ২১:৩০

ইউপি চেয়ারম্যান মো. সিরাজুল হক

নরসিংদীর রায়পুরায় ইউপি চেয়ারম্যানকে হত্যার ঘটনায় তার সমর্থকরা বৃহস্পতিবার (৩ মে) বিকালে প্রতিপক্ষের বাড়িতে আগুন দিয়েছে।

এর আগে দুপুর দেড়টার দিকে নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল বাঁশগাড়ী ইউনিয়নে ছয়বারের নির্বাচিত চেয়ারম্যান মো. সিরাজুল হককে গুলি ছুড়ে হত্যা করে দুর্বৃত্তরা। উপজেলার বাঁশগাড়ীর আড়াকান্দা এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।

সিরাজুল হককে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বেলা সোয়া তিনটার দিকে নরসিংদী জেলা হাসপাতালের চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, চেয়ারম্যান সিরাজুল হক উপজেলা সদরে কাজ শেষে মেঘনা নদীর পান্থশালা পার হয়ে ভাড়া মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে বাঁশগাড়ীর আড়াকান্দা এলাকায় পৌঁছালে ৪/৫ জন দুর্বৃত্ত মোটরসাইকেলের গতিরোধ করে। তারা চেয়ারম্যান সিরাজুল হক ও মোটরসাইকেল চালককে খুব কাছ গুলি করে করে। এসময় গুলির শব্দ ও মোটরসাইকেল চালকের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় সিরাজুল হককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এমএন মিজানুর রহমান বলেন, ‘আমাদের হাসপাতালে তাকে সোয়া তিনটার দিকে মৃত অবস্থায় আনা হয়। তার মাথার ওপরে ও বাম কাঁধে দুটি গুলির চি‎হ্ন ও হাতে একটু জখমের চি‎হ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তাকে খুব কাছ থেকে গুলি করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।’

সিরাজুল হকের ভাতিজা সাইদ আনোয়ার সাংবাদিকদের বলেন, ‘চাচাকে গুলি করা হয়েছে শুনে আমরা ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। পরে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা বলতে পারছি না।’ 

এসময় নিহত চেয়ারম্যানের ছেলে আশরাফুল হক কান্নায় ভেঙে পড়েন। তিনি সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলেননি।

আশরাফুল হকের বরাত দিয়ে বাঁশগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল মিয়া বলেন,‘সিরাজুল ইসলাম ১৯৮৮ সাল থেকে ছয়বারের নির্বাচিত চেয়ারম্যান। তিনি দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও ২০১৪ সালে আওয়ামী লীগে যোগদান করেন এবং উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য হন। সর্বশেষ ইউপি নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচন করেন। আওয়ামী লীগ প্রার্থী হাফিজুর রহমান সাহেদ সরকারকে পরাজিত করে তিনি বিজয়ী হন। এর পর থেকেই সাহেদ সরকারের সঙ্গে তার বিরোধ চলছিল। এ নিয়ে এলাকায় দফায় দফায় সংঘর্ষে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে। গত মার্চে হাফিজুর রহমান সাহেদ সরকার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেও তার সমর্থকরা চেয়ারম্যানের বিরোধিতা করে যাচ্ছিলেন। এর জের ধরে সাহেদ সরকারের লোকজন পূর্ব পরিকল্পিতভাবে তাকে গুলি করে হত্যা করেছে বলে আমরা ধারণা করছি।’

রায়পুরা উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘সিরাজুল ইসলাম বাঁশগাড়ীর অনেক জনপ্রিয় চেয়ারম্যান। জনপ্রিয়তাই তার জন্য কাল হয়েছে বলে আমরা মনে করছি। ব্যক্তিগত জীবনে তিনি চার ছেলে ও চার মেয়ের জনক।’

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন সন্ধ্যা সাড়ে ছয়টায় মোবাইল ফোনে বলেন, ‘দুর্বৃত্তরা চেয়ারম্যান সিরাজুল হককে গুলি করে। পরে গুরুতর আহতাবস্থায় তাকে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। আমরা এখনও ভাড়া মোটরসাইকেলের আহত চালকের পরিচয় পাইনি। তবে তার বাড়ি একই উপজেলার শ্রীনগর এলাকায় বলে জানতে পেরেছি। তাকেও আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সে সুস্থ হলে বিস্তারিত তথ্য জানা যাবে। চেয়ারম্যানের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রতিপক্ষ সাহেদ সরকারের সমর্থক কিংবা তার লোকজন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন সিরাজুল হকের পরিবারের লোকজন। হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে নিহতের সমর্থকরা ইউনিয়নের সোবহানপুর এলাকায় সাহেদ সরকারের এক সমর্থকের বাড়িতে অগ্নিসংযোগ করে। আমরা সিরাজুলের উত্তেজিত সমর্থকদের নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডে পাঁচজন অংশ নিয়েছিল এবং তারা কেউই মুখোশধারী ছিল না বলে জানতে পেরেছি।’

আরও পড়ুন:

নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ইউপি চেয়ারম্যান নিহত

 

/জেবি/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম