রমজান মাসকে সামনে রেখে বেনাপোল স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বেড়েছে। আগে যেখানে ভারত থেকে প্রতিদিন ২৫০-৩০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হতো সেখানে এখন ৫৭০-৫৮০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হচ্ছে। ভারতের বাজারে পেঁয়াজের দাম কমায় আমদানি বেড়েছে বলে জানিয়েছে বেনাপোল বন্দর সূত্র।
সূত্র জানায়, এখন প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ৫৭০-৫৮০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হচ্ছে, যা পৌঁছে যাচ্ছে বিভিন্ন জেলা শহরে। সূত্র আরও জানায়, গত ২২ এপ্রিল থেকে ৩০ এপ্রিল (অফিস চলাকালিন সময়ে) সাত দিনে ভারত থেকে বেনাপোল বন্দরে প্রবেশ করেছে চার হাজার ৩২০ মেট্রিক টন পেঁয়াজ। আর গতকাল বৃহস্পতিবার (৩ মে) সন্ধ্যা পর্যন্ত ভারত থেকে বাংলাদেশে ১২৫০ মেট্রিক টন পেঁয়াজ প্রবেশ করেছে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, ‘ভারতের বাজারে পেঁয়াজের দাম কমে যাওয়ায় নিত্য প্রয়োজনীয় এ পণ্যের আমদানি বেড়েছে।’
আমদানিকারক শহিদুল ইসলাম জানান, রমজান মাসকে সামনে রেখে আমদানিকারকরা আগের চেয়ে পেঁয়াজের আমদানি বাড়িয়েছেন। পেঁয়াজ আমদানির এ গতি পুরো মে মাসে অব্যাহত থাকবে।
বাংলাদেশ ও ভারত চেম্বার অব কমার্সের উপ-কমিটির সভাপতি মতিয়ার রহমান বলেন, ‘এবার ভারতে পেঁয়াজের উৎপাদন ভালো হয়েছে। ভারতে পেঁয়াজের দাম অনেক কম। সেই কারণে আমদানি করা পেঁয়াজের দাম আমাদের বাজারেও কম।’
বেনাপোল আমদানি-রফতানিকারক সমিতির যুগ্ন-সম্পাদক মহসিন মিলন বলেন, ‘আমদানি বেড়ে যাওয়ায় বাজারে পেঁয়াজের দাম কম। পেঁয়াজ আমদানির এই ধারাবাহিকতা ঠিক থাকলে বাজারে আর পেঁয়াজের দাম বাড়বে না।’
বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা হারুন-অর-রশিদ জানান, বেনাপোল দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি অনেক বেড়েছে। গত ২২-৩ মে পর্যন্ত আট দিনে ভারত থেকে পেঁয়াজ আমদানি হয়েছে ৫ হাজার ৫৫০ মেট্রিক টন।’








