শক্তিমান চাকমার শেষকৃত্যে যোগ দিতে যাওয়ার পথে রাঙামাটির নানিয়ারচর উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে আহত চার জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৪ মে) বিকাল পৌনে ৬টার দিকে তাদের হাসপাতালে নিয়ে আসা হয় বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার।
হাসপাতালে আনা চার জন হলেন– খাগড়াছড়ি মুঙ্গাছড়ির লক্ষ্মীপুর চাকমার ছেলে অর্জুন চাকমা, দেওয়ানপাড়ার কদম চান চাকমার ছেলে মিহির চাকমা, মহালছড়ির ২৪ মাইল এলাকার রাজ চাকমার ছেলে দিগন্ত চাকমা ও বনমোহন চাকমার ছেলে অরসিং চাকমা। তারা সবাই পাহাড়ের সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (গণতান্ত্রিক) সদস্য।
এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নানিয়াচর উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে আহত চার জনকে হাসপতালের ক্যাজুয়াল্টি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের বিকাল ৫টা ৪০ মিনিটের দিকে হাসপাতালে নিয়ে আসা হয়।’
এর আগে শুক্রবার দুপুরে নানিয়াচর উপজেলার বেতছড়িতে শক্তিমানের দাহক্রিয়ায় যোগ দিতে যাওয়ার পথে সন্ত্রাসী হামলার শিকার হন ইউপিডিএফ-গণতান্ত্রিকের নেতাকর্মীরা। সন্ত্রাসীদের অর্তকিত গুলিবর্ষণে সংগঠনটির শীর্ষ নেতা ও আহ্বায়ক তপনজ্যেতি চাকমা বর্মাসহ অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। একই ঘটনায় সংগঠনের আরও ৯ নেতাকর্মী আহত হন।








