সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে আট রোহিঙ্গা সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরা। শনিবার (৫ মে) বিজিবির কুশখালি বিওপি কমান্ডার নায়েক সুবেদার জহির এ তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার (৪ মে) রাতে তাদেরকে কুশখালি সীমান্তের শিকড়ি গ্রাম থেকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজন মহিলা, একজন পুরুষ ও দুটি শিশু রয়েছে। আটক ব্যক্তিরা হলেন: ইসমাইল (২৫), ফাতেমা আক্তার (২০), ইয়াসমিন আক্তার (১৯), তাসলিমা আক্তার (১৮), ওয়াজেদ আলী (১৩), নুর হাসা (১৪), মোছা. ফরসি (১১) ও গিয়াসউদ্দিন (৬)।
বিজিবির কুশখালি বিওপি কমান্ডার নায়েক সুবেদার জহির জানান, মানব পাচারকারী দালালরা তাদেরকে চট্টগ্রাম থেকে সাতক্ষীরা সীমান্তে নিয়ে আসে। একটি বাড়িতে গোপনে রাখার পর তাদের শুক্রবার রাতে শিকড়ি গ্রাম দিয়ে ভারতে পাচারের চেষ্টা হচ্ছিল। খবর পেয়ে বিজিবি সদস্যরা তাদের আটক করে। পরে তাদের সদর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহম্মেদ বলেন, ‘শিশুসহ ৮ রোহিঙ্গা নারী এবং পুরুষকে আমাদের কাছে হস্তান্তর করেছে বিজিবি। পুলিশ ফোর্স সঙ্গে দিয়ে তাদের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে।’








