চট্টগ্রামে চলন্ত বাসে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে চালক ও তার সহযোগীকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন ঘটনার শিকার ছাত্রীর সহপাঠীরা। শনিবার (৫ মে) দুপুরে নগরীর চকবাজার থানাধীন ওয়াসার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। উত্তেজিত ছাত্ররা ১০ নম্বর রুটে চলাচলকারী ওই বাসটি ভাঙচুর করেছেন বলে জানিয়েছে পুলিশ।
চকবাজার থানার ডিউটি অফিসার মমতাজ খাতুন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকালে বাসে করে বিশ্ববিদ্যালয়ে আসার পথে নগরীর সিমেন্ট ক্রসিং এলাকায় ওই ছাত্রী চালক ও তার সহযোগীর হাতে হেনস্তার শিকার হন। বাস থেকে নামার পর ওই ছাত্রী এ ঘটনার কথা তার সহপাঠীদের জানালে তারা ওয়াসার মোড় এলাকায় বাসটিকে আটকান এবং এটি ভাঙচুর করেন। এসময় তারা চালক ও তার সহযোগীকে পিটুনি দেন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে চালক ও তার সহযোগীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তাদের ইপিজেড থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে।’
শিক্ষার্থীরা জানান, সকাল পৌনে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসার জন্য বন্দর টিলা হাসপাতাল গেট এলাকা থেকে বাসে ওঠেন তাদের ওই সহপাঠী। গাড়িতে তখন মাত্র দুই জন যাত্রী ছিলেন। বাসের চালক ও তার সহকারীর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় কিছু দূর যাওয়ার পর ওই ছাত্রী বাস থেকে নেমে যাওয়ার চেষ্টা করেন। এসময় চালকের সহকারী ছাত্রীর হাত ধরে টানাটানি করে। একপর্যায়ে ওই ছাত্রী কলম দিয়ে চালকের সহকারীকে আঘাত করে দ্রুত বাস থেকে নেমে যান।
ইপিজেড থানার ওসি আহসানুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চালক ও তার সহযোগীকে চকবাজার থানা পুলিশ আটক করে আমাদের থানায় পাঠিয়েছেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দু’জনকে থানায় নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’ শ্লীলতাহানির শিকার ওই ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করবেন বলেও তিনি জানান।








