খুলনা সিটি করপোরেশনের ১০নং ওয়ার্ডকে সবসময় পরিছন্ন রাখবেন বলে অঙ্গীকার করেছেন কাউন্সিলর প্রার্থীরা। শনিবার (৫ মে) বিকালে নগরীর খালিশপুরের বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয় অডিটরিয়ামে জনতার মুখোমুখি অনুষ্ঠানে তারা এ অঙ্গীকার করেন। সুশাসনের জন্য নাগরিকের (সুজন) ১০নং ওয়ার্ড কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে উপস্থিত জনতার কাছে ১০নং ওয়ার্ডকে পরিচ্ছন্ন রাখার পাশাপাশি একে মাদক ও দুর্নীতিমুক্ত রাখার অঙ্গীকার করেন কাউন্সিলর প্রার্থীরা। পাশাপাশি নির্বাচিত হলে এ ওয়ার্ডের জলাবদ্ধতা দূর, সড়ক ও ড্রেন ব্যবস্থা সংস্কারের ওয়াদা করেন তারা। অনুষ্ঠানের শেষদিকে কাউন্সিলর প্রার্থীরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সংশ্লিষ্টদের সহযোগিতার শপথ করেন।
সুজনের ১০নং ওয়ার্ডের সভাপতি মোল্যা মুরাদ হোসেন রিপনের সভাপতিত্ব ও সুজনের খালিশপুর থানা কমিটির সম্পাদক খলিলুর রহমান সুমনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুজনের মহানগর কমিটির সভাপতি ভাষাসৈনিক আলহাজ্ব লোকমান হাকিম। এ ছাড়া, এতে বিশেষ অতিথি ছিলেন– বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু, বঙ্গবাসী স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান জামাল মৃধা ও থানা কমিটির সভাপতি ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন– ১০নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ফারুখ হিল্টন, ডা. এ এস এম সায়েম মিয়া, শেখ খায়রুজ্জামান খোকা, কাজী তালাত হোসেন কাউট, মো. জামাল মুন্সী, সংরক্ষিত ৩নং আসনের (৭, ৮ ও ১০ নং ওয়ার্ড) কাউন্সিলর প্রার্থী রহিমা আক্তার হেনা, রেহানা গাজী, আফরোজা আক্তার, সাবিনা আক্তার, রাফিজা খানম মীরা ও আরিফা আলম।








