ভোট হবে জেনে গাজীপুরে আনন্দ

রায়হানুল ইসলাম আকন্দ, গাজীপুর
১০ মে ২০১৮, ২২:৫৫আপডেট : ১০ মে ২০১৮, ২৩:০২

আওয়ামী লীগ মেয়রপ্রার্থীর কর্মী-সমর্থকদের আনন্দ মিছিল (ছবি- প্রতিনিধি)

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন স্থগিতের আদেশ বাতিল করে আগামী ২৮ জুনের মধ্যে ভোট করার নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। এ খবর শোনার পর পরই গাজীপুরজুড়ে আনন্দোৎসব শুরু হয়। প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উল্লাস প্রকাশ করে মিষ্টি বিতরণ করেন। নগরীর কিছু স্থানে আনন্দ মিছিল ও শোভাযাত্রা বের করা হয়।

গত ৬ মে হঠাৎ গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্থগিতাদেশ দেন হাইকোর্ট। এতে গাজীপুরের উৎসবমুখর পরিবেশ অনেকটা নিস্তব্ধ হয়ে পড়ে। বৃহস্পতিবার আপিল বিভাগ স্থগিতাদেশ বাতিল করলে গাজীপুরে ফের নির্বাচনি উদ্দীপনা ফিরে আসে। আপিল বিভাগের স্থগিতাদেশ বাতিলের সিদ্ধান্তে আওয়ামী লীগ ও বিএনপির মেয়রপ্রার্থী ও কর্মী-সমর্থকরা সন্তোষ প্রকাশ করেন। খোঁজ নিয়ে জানা গেছে, গাজীপুর শহর ও টঙ্গীসহ সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় মেয়রপ্রার্থীদের কর্মী-সমর্থকেরা আনন্দ মিছিল করেন। এতে নগরীর সাধারণ বাসিন্দারাও অংশ নেন। এসময় মেয়রপ্রার্থীদের কর্মী-সমর্থকেরা ওই সব এলাকার মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন।

এ ব্যাপারে এক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী জাহাঙ্গীর আলম বলেন, ‘আওয়ামী লীগ নির্বাচনমুখী ও গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল একটি দল। আওয়ামী লীগ সরকারকে বেকায়দায় ফেলতে ব্যারিস্টার মওদুদ আহমেদ ষড়যন্ত্র করে আদালতের মাধ্যমে নির্বাচন স্থগিত করিয়েছিল। আল্লাহর অশেষ রহমতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুচিন্তিত পরামর্শে একটি আপিল পিটিশনের মাধ্যমে আইনি লড়াইয়ে ওই ষড়যন্ত্র রুখে দিতে সক্ষম হয়েছি।’

নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখছেন জাহাঙ্গীর আলম (ছবি- প্রতিনিধি)

জাহাঙ্গীর আলম আরও বলেন, ‘আমাদের এখানে যখন নির্বাচনি কার্যক্রম চলছিল, মার্কা পেয়ে প্রচারণা শুরু করেছি, তখন মওদুদ আহমেদের গভীর ষড়যন্ত্রে নির্বাচন স্থগিত হয়ে যায়। ব্যারিস্টার মওদুদের উদ্দেশ ছিল আওয়ামী লীগ, সরকার এবং প্রধানমন্ত্রীকে বেকায়দায় ফেলা। সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা (বিএনপি) সুকৌশলে এ ষড়যন্ত্র করেছে। ভোট স্থগিতের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমার কথা হয় এবং তিনিই বিষয়টি আদালতে মোকাবেলার নির্দেশ দেন।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী এবং আমাদের সিনিয়র নেতাদের নির্দেশে আমি নিজেই হাইকোর্টে হাজির হয়ে আপিল করি। আদালত আমাদের আবেদন গ্রহণ করে আজ আদেশ দিয়েছেন।’

সন্ধ্যায় জাহাঙ্গীর আলম দলীয় কার্যালয়ে যান। সেখানে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন। নির্বাচনের নতুন তারিখ ঘোষণার পর নতুন উদ্যমে নির্বাচনি কাজে নামার জন্য নেতাকর্মী-সমর্থকদের প্রতি আহ্বান জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন–  গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রউফ নয়ন, অ্যাডভোকেট আমজাদ হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান প্রমুখ।

এদিকে, বৃহস্পতিবার বিকালে বিএনপির মেয়রপ্রার্থী হাসান উদ্দিন সরকার তার টঙ্গীর বাসভবনে সংবাদ সম্মেলন করে বলেন, ‘ষড়যন্ত্রমূলক এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ৬ মে উচ্চ আদালত নির্বাচন স্থগিত করে দেন। ওই দিনই আমি তাৎক্ষণিক সংবাদ সম্মেলন ডেকে আইনি লড়াই, মাঠের লড়াই ও জনগণের ভোটের লড়াই চালিয়ে অধিকার প্রতিষ্ঠার ঘোষণা দিই। স্থগিতাদেশের বিরুদ্ধে পরদিন ৭ মে উচ্চ আদালতে আপিল করি। মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি তাতে সফল হয়েছি। ভোটের লড়াইয়েও জনগণের সহযোগিতায় আমি সফল হবো, ইনশাআল্লাহ। গাজীপুর সিটিতে ধানের শীষের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তা নস্যাৎ করতেই ষড়যন্ত্রমূলকভাবে নির্বাচন স্থগিত করা হয়।’

বিএনপি মেয়রপ্রার্থীর সংবাদ সম্মেলন (ছবি- প্রতিনিধি)

তিনি অভিযোগ করেন, ‘এখনও ষড়যন্ত্র বন্ধ হয়নি। ইতোমধ্যে সম্পূর্ণ মিথ্যা অভিযোগে আড়াইশ’ নেতাকর্মীর নামে থানায় মামলা হয়েছে। ২০ দলীয় জোট নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা ও তাদের গণ-গ্রেফতার করে নির্বাচন থেকে দূরে রাখার অপচেষ্টা চলছে। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে মিথ্যা মামলা ও গণ-গ্রেফতার বন্ধ করতে হবে। নাশকতার অভিযোগে দায়ের করা একটি মামলায় হাজিরা দিতে গাজীপুরের আদালতে যাওয়ার কারণে আমি ঢাকার কোর্টে যেতে পারিনি।’

এ আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার আগে নিজ বাসভবনে আদালতের রায়ে শুকরিয়া আদায় করে ২০ দলীয় জোটের নেতাকর্মীদের নিয়ে দোয়া অনুষ্ঠান করেন হাসান উদ্দিন সরকার। এসময় কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার, টঙ্গী থানা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম শুক্কুরসহ অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে দুপুরে গাজীপুর নির্বাচনে স্থগিতাদেশ বাতিলে থানা আওয়ামী লীগের কার্যালয় থেকে শুরু হয় আনন্দ মিছিল। এসময় গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, টঙ্গী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রজব আলী, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুর, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ওসমান আলী খান, টঙ্গী থানা যুবলীগের সাবেক সভাপতি সাত্তার মোল্লা, টঙ্গী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এম এম নাসির উদ্দিন উপস্থিত ছিলেন। জেলা শহর জয়দেবপুরেও আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন।

এদিকে, দুপুরের দিকে গাজীপুর ও টঙ্গীর বিভিন্ন এলাকায় বিএনপি মেয়রপ্রার্থীর কর্মী-সমর্থকরাও আনন্দ মিছিল করেন। এসময় তারা ওই সব এলাকার বাসিন্দাদের মাঝে মিষ্টি বিতরণ করেন।

আগামী ১৫ মে খুলনার সঙ্গে গাজীপুর সিটি করপোরেশনে নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু সাভারের শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান এ বি এম আজহারুল হক সুরুজের এক রিট আবেদনে গত ৬ মে ভোট তিন মাসের জন্য স্থগিত হয়ে যায়। সুরুজের দাবি, তার ইউনিয়নের ছয়টি মৌজা গাজীপুর সিটি করপোরেশনে পড়েছে। এতে ওই মৌজার ভোটাররা দুই এলাকার ভোটার হয়ে গেছেন। গত ৭ মে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে প্রথম আপিল করেন বিএনপির মেয়রপ্রার্থী হাসান উদ্দিন সরকার। পর দিন ৮ মে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী জাহাঙ্গীর আলম এবং পরে নির্বাচন কমিশনও আপিল করে।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম