ফেনীতে নির্মাণাধীন রেলওয়ে ওভারপাসের কারণে মহাসড়কে নিত্য যানজট (ভিডিও)

রফিকুল ইসলাম, ফেনী
১১ মে ২০১৮, ২১:৫৯আপডেট : ১২ মে ২০১৮, ১৯:০২

ফেনীতে মহাসড়কে ট্রাকের দীর্ঘ যানজট

দেশের লাইফ লাইনখ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর অংশে ফতেহপুর রেলক্রসিংয়ে নির্মাণাধীন রেলওয়ে ওভারপাসের কারণে প্রায় প্রতিদিনই যানজটের সৃষ্টি হচ্ছে। ফলে প্রতিদিন রাজধানী ঢাকা ও চট্টগ্রামমুখী শত শত যাত্রীবাহী বাস,মালবাহী কাভার্ডভ্যান, লরি ও ট্রাক ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ে থাকে। 

যানজটের কারণে যাত্রী ও বাস মালিকদের যেমন সময় ও অর্থের অপচয় হচ্ছে। তেমনই প্রতিদিন ব্যবসায়ীদেরও  কোটি কোটি টাকা গচ্ছা দিতে হচ্ছে। শুক্রবার (১১ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত ফেনীর ফতেহপুর রেলওয়ে ওভারপাস এলাকায় তীব্র যানজট চিত্র দেখা গেছে।

এ সময় যাত্রী, পরিবহন শ্রমিক, বাস মালিক এবং ব্যবসায়ীরা জানান, শুক্রবার দুপুর পর্যন্ত ফেনী থেকে চট্টগ্রামের মীরশ্বরাই, অন্যদিকে কুমিল্লার চৌদ্দগ্রাম পর্যন্ত  পঞ্চাশ কিলোমিটারজুড়ে যানবহন জ্যামে আটকা পড়ে আছে। 

ফতেহপুর ওভারপাস এলাকায় জেলা ট্রাফিক পুলিশের টিআই (অ্যাডমিন) মীর গোলাম ফারুকের নেতৃত্বে পুলিশের একটি টিমকে যানজট নিরসনে কাজ করতে দেখা যায়।

এ বিষয়ে টিআই গোলাম ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন,  ‘নির্মাণাধীন ফতেহপুর রেলওয়ে ওভারপাসের পাশের রাস্তায় বিশটির মতো ছোট-বড় খানাখন্দ রয়েছে। ফেনী শহরের পুরাতন অ্যাপ্রোচ সড়কটি মেরামত না হওয়ায় ওই পথে কোনও গাড়ি চলাচল করতে পারছে না। এছাড়া, ফতেহপুরে রেলক্রসিং দিয়ে ট্রেন চলাচলের জন্য চব্বিশ ঘণ্টায় ৪৬ বার সড়ক বন্ধ করে ফের চালু করতে হয়। ফলে  ক্রসিংয়ে একটি গাড়ি পার হতে বিশ মিনিটের মতো সময় লাগে ।’

তিনি জানান,ফেনী পুলিশ সুপারের নির্দেশে জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ যানজটে আটকে থাকা গাড়িগুলো মুক্ত করতে দিনরাত  দায়িত্ব পালন করে যাচ্ছে।

স্টার লাইন পরিবহন গ্রুপের পরিচালক মাঈন উদ্দিন পাটোয়ারী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দিন দিন এখানে যানজট ভয়াবহ আকার ধারণ করেছে। শুক্রবারও (১১ মে) ঢাকা থেকে সকাল আটটায় ছেড়ে আসা তাদের বাসগুলো বেলা দু’টা পর্যন্ত যানজটে আটকা পড়ে কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তার ওপরে দাঁড়িয়ে আছে। অন্যদিকে, চট্টগ্রাম থেকে একই সময়ের ছেড়ে আসা বাসগুলো মীরশ্বরাই এলাকায় আটকা পড়ে আছে।’

তিনি বলেন, ‘যানজটের কারণে প্রতিদিন পরিবহন ব্যবসায়ীদের কোটি কোটি টাকা গচ্ছা দিতে হচ্ছে।  ’

সড়কে দাঁড়িয়ে থাকা বিভিন্ন পরিবহনের চালক, হেলপার, যাত্রী ও স্থানীয়রা জানান, ফতেহপুরে  মাত্র একলেনের রাস্তার কারণে এই অংশে যান চলাচলে সীমাহীন যানজটের সৃষ্টি হয়। আবার ট্রেন আসা-যাওয়ার সময় যানবাহন চলাচল আটকে দেওয়া হয়। ফলে দু’পাশে শত শত গাড়ি আটকা পড়ে।

রেললাইন পার হতে এমনিতেই গাড়ি ধীর গতিতে চালাতে হয়, জানালেন গ্রিনলাইন পরিবহনের চালক মমতাজ মিয়া। তিনি বলেন, ‘তার ওপর সরু রাস্তায় একাধিক গাড়ি পার হতে অনেক সময় লেগে যায়।’

ফেনী চেম্বার অব কমাসের সভাপতি শিমুল রেজা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে যানজটের কারণে বন্দরমুখী শত শত মালবাহী কাভার্ডভ্যান, লরি ও ট্রাক ঘণ্টার পর ঘণ্টা আটকা পড়ে। নির্ধারিত সময়ে মালামাল বন্দরে না পৌঁছায় বিদেশে শিপমেন্ট দিতে পারছে না গার্মেন্টসহ বিভিন্ন রফতানিমুখী পণ্যের মালিকরা। যানজটের কারণে প্রতিদিন ব্যবসায়ীদের কোটি কোটি টাকা গচ্ছা দিতে হচ্ছে।’ 

এ বিষয়ে জানতে চাইলে শহর ব্যবসায়ী সমিতির সহকারী সাধারণ সম্পাদক  ‍মুসফিকুর রহমান পিপুল বলেন, ‘নিত্য যানজটের কারণে ফেনী বাজারে পণ্যবাহী যানবাহন সঠিক সময়ে পৌছাঁতে না পারায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এতে পরিবহন ভাড়াও দ্বিগুণ গুনতে হয়। ফলে পাইকারি বাজারে বেশি দামে পণ্য বিক্রি করতে হচ্ছে।

পরিবহন চালকরা অভিযোগ করেন, রেলওয়ে ওভারপাস নির্মাণে ঠিকাদার প্রতিষ্ঠান যথাযথ বাইপাস সড়ক নির্মাণ করেনি। বাইপাস সড়কসহ আনুষঙ্গিক প্রস্তুতি সম্পন্ন না করেই তারা নির্মাণ কাজ শুরু করে। শুষ্ক মৌসুমে ধুলিঝড়,বর্ষায় কাদা আর পানিতে একাকার হয়ে যায় সড়কটি। ফলে যানজট এখানকার নিত্যকার সঙ্গী হয়ে দাঁড়িয়েছে।

এদিকে, দুর্ভোগ নিরসনে আপাতত খানাখন্দে ভরা ফেনী শহরের পুরাতন অ্যাপ্রোচ সড়কটি মেরামতের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে সড়ক বিভাগ।

ফেনী সড়ক ও জনপথ বিভাগের সূত্র জানায়,  মহাসড়কের ফেনীর ফতেহপুরে ২০১২ সালের ২২ জানুয়ারি কাজের অনুমতি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান প্রজেক্ট বিল্ডার্স লিমিটেড (পিবিএল)। এই প্রতিষ্ঠানটি একই সঙ্গে কুমিল্লা, ফেনী ও ইলিয়টগঞ্জে ওভারপাসের নির্মাণ কাজ শুরু করে।

ফেনীর ফতেহপুর  মূল রেল ওভারপাসের দৈর্ঘ হচ্ছে ৮৬.৭৯ মিটার। দু’দিকের ঢালু অংশ মিলিয়ে মোট দৈর্ঘ ৭৫৫ মিটার। ঢাকার অংশের দৈর্ঘ ৩৪৭ মিটার আর চট্টগ্রাম অংশের দৈর্ঘ ৪০৮ মিটার। পিবিএল কাজ পাবার পর থেকে নান টালবাহানা শুরু করে। দীর্ঘ ৬ বছর ধরে কাজ করার পর ফেনী রেলওয়ে ওভারপাসের নির্মাণ কাজের অগ্রগতি মাত্র ৫০ ভাগ।

চাঁদাবাজির অভিযোগ এনে ২০১৬ সালে প্রকল্পের সিংহভাগ টাকা উত্তোলন করে পালিয়ে যায় ঠিকাদার প্রতিষ্ঠান পিবিএল। ওই বছরের সেপ্টেম্বরে চাঁদার দাবিতে স্থানীয় সন্ত্রাসীরা ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শ্রমিকদের ওপর হামলা চালায় বলে থানায় অভিযোগ আনা হয়। পিবিএল’র ইঞ্জিনিয়ার জিয়াউর রহমান ফেনী মডেল থানায় ছয় সন্ত্রাসীর নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সেসময় ফতেহপুর এলাকায় অভিযান চালিয়ে রাজন নামে একজনকে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার করেন র‌্যাব-৭ এর ফেনী ক্যাম্পের সদস্যরা। এ ঘটনার পর একবছর ধরে নির্মাণ কাজ বন্ধ থাকে। লাপাত্তা হয়ে যায় ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন।

এদিকে, জনদুর্ভোগের কারণে ২০১৬ সালের ২৬ ডিসেম্বর ঠিকাদারি প্রতিষ্ঠানের ওয়ার্ক অর্ডার বাতিল করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ পায় মেট্রো গ্রুপের প্রতিষ্ঠান আল আমিন কন্সট্রাকশন। অনিয়মে জড়িয়ে পড়ে তারাও। এ প্রতিষ্ঠানকে ২০১৭ সালের মার্চ মাস থেকে ডিসেম্বর পর্যন্ত ১০ মাস সময় দিয়ে কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়।এই সময়সীমার মধ্যে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং শাখার তত্ত্বাবধানে কাজ করছে আল আমিন কন্সট্রাকশন।

গত ৬ এপ্রিল ফতেহপুরের রেলওয়ে ওভারপাসের কাজের অগ্রগতি দেখতে ফেনীতে আসেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি এসময় গণমাধ্যম কর্মীদের জানান, মে মাসের পনের তারিখের মধ্যে রেল ওভারপাসের একটি অংশের কাজ সম্পন্ন হলে, তা খুলে দেওয়া হবে। বাকি অংশের কাজ জুন মাসের মধ্যে শেষ হয়ে যাবে।

এ বিষয়ে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং শাখায় নিয়োজিত কর্মকর্তারাসহ সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান বাংলা ট্রিবিউনকে কোনও তথ্য জানাতে অপরাগতা প্রকাশ করে।

ফেনী সওজের নির্বাহী প্রকৌশলী জাহিদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাইপাস সড়ক নিয়ে আর কোনও পরিকল্পনা নেই। তবে শহরে প্রবেশের অ্যাপ্রোচ সড়কটি সংস্কার করা হবে।’ এতে জনদুর্ভোগ অনেকটা কমবে যাবে বলে তিনি দাবি করেন।

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম