খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে নির্বাচিত হলে নগরবাসীর জন্য সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়রপ্রার্থী তালুকদার আব্দুল খালেক। শনিবার (১২ মে) নগরীর ৩১ নম্বর ওয়ার্ডে গণসংযোগের সময় তিনি এ প্রতিশ্রুতি দেন।
তালুকদার আব্দুল খালেক বলেন, ‘খুলনা সিটি করপোরেশনের অনেক এলাকার মানুষ এখনও পরিপূর্ণ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। ওই সব এলাকার বাসিন্দারা সব ধরনের সেবা ঠিকমতো পাচ্ছেন না। আমি নির্বাচিত হলে ওই সব এলাকার মানুষের সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করবো।’
বর্তমান সরকার দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে মন্তব্য করে তিনি আরও বলেন, ‘দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে নতুন নতুন প্রকল্প হাতে নিচ্ছে সরকার। এবারের সিটি নির্বাচনে নৌকা প্রতীক বিজয়ী হলে খুলনার দরিদ্র মানুষের জন্য সিডিসির পাশাপাশি নতুন প্রকল্প নেওয়া হবে। দরিদ্র বস্তিবাসীর স্যানিটেশন ব্যবস্থাসহ সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে।’
আওয়ামী লীগ মেয়রপ্রার্থী বলেন, ‘আমরা কথায় নয়; কাজে বিশ্বাসী। একটি দল নির্বাচন এলেই কথার ফুলঝুড়ি দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করে। তারা দীর্ঘদিন মেয়র পদে থেকেও খুলনার মানুষের ভাগ্য পরিবর্তন করেনি। তাদের সময়ে কেসিসিতে অস্থায়ী চাকরি পেতে হলেও ব্যাপক হারে দিতে হয়েছে ঘুষ।’
তিনি বলেন, ‘ঘুষ ও দুর্নীতিমুক্ত কেসিসি গড়া এবং সব কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহিতার আওতায় আনা আমরা লক্ষ্য। এজন্য আমি ১৫ মে’র নির্বাচনে নৌকা প্রতীককে ভোট দিয়ে বিজয়ী করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।’
সকাল ৮টায় তালুকদার আব্দুল খালেক নগরীর মতিয়াখালী ব্রিজ থেকে নির্বাচনি প্রচারণা শুরু করেন। এরপর শিপইয়ার্ড, মতিয়াখালী মৌজা, মোল্লা বাড়ি, লবণচরা, জিন্নাহপাড়া, হঠাৎ বাজার, বান্ধা বাজার, বোখারী পাড়া, মোক্তার হোসেন রোড সংলগ্ন এলাকায় গণসংযোগ করেন। এসময় এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে তিনি নির্মাণাধীন ইসলামপাড়া মেইন রোড রবিবারের মধ্যে চলাচলের উপযোগী করে দিতে ঠিকাদারকে নির্দেশ দেন।








