আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘বিএনপি আজ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। তাই এখন পাগলের প্রলাপ বকছে। খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ভোট নিয়ে তারা মিথ্যাচার করে সরকারের ওপর দায় চাপাতে চাচ্ছে।’
সোমবার (১৪ মে) বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরের পিটিআই রোডে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
খুলনা সিটি নির্বাচনে জয়ী হতে সরকারের সাদা পোশাকধারী বিশেষ বাহিনীকে এলাকায় পাঠানো হয়েছে- বিএনপির এমন অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘জনগণ কেন তাদের ভোট দেবে? আমাদের কাছে খবর আছে উন্নয়নের স্বার্থেই তালুকদার আব্দুল খালেককে জনগণ ভোট দিতে চায়। জনগণ বিএনপির চেহারা দেখেছে, তাদের আর কখনও ক্ষমতায় দেখতে চায় না।’
ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘প্রতিরক্ষা চুক্তি নিয়ে সংসদসহ সব জায়গায় আলোচনা হয়েছে। এটা লুকানোর কী আছে। নির্বাচন আসলেই বিএনপি ভারতবিরোধী সেন্টিমেন্ট দিয়ে মানুষের সহানুভূতি নিতে চায়। বিএনপির সেদিন শেষ হয়ে গেছে।’
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানসহ দলীয় নেতাকর্মীরা।
আরও পড়ুন- সরকার ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ করছে, লড়াই শেখ হাসিনার বিরুদ্ধে: মঞ্জু








