খুলনা সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে নগরীর অধিকাংশ রাস্তায় তেমন একটা যানবাহন চলাচল করছে না। এতে কিছুটা দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। গাড়ি না পেয়ে অনেকে হেঁটেই চলেছেন গন্তব্যের দিকে।
সরেজমিনে দেখা যায়, অন্যান্য দিন নগরীর রাজপথ দখলে রাখলেও মঙ্গলবার দিনভর দেখা মেলেনি ইজিবাইক-মাহিন্দ্রসহ তিন চাকার গাড়ির। তবে সামান্য কিছু রিকশা-ভ্যান চলাচল করতে দেখা গেছে। এতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। গন্তব্যে যাওয়ার জন্য তাদের বিভিন্ন স্থানে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
নগরীর পিকচার প্যালেস মোড়ে রিকশার অপেক্ষায় দাঁড়িয়ে থাকা মৌসুমী আক্তার নামের একজন জানান, প্রায় আধাঘণ্টা ধরে তিনি দাঁড়িয়ে রয়েছেন। পিকচার প্যালেস মোড় থেকে বয়রা এলাকায় যাবেন। কিন্তু রিকশা পাচ্ছেন না। দু-একটি রিকশা আসলেও তাতে যাত্রী রয়েছে।
রূপসা থেকে নিউ মার্কেট এলাকায় যাওয়ার জন্য দাঁড়িয়ে থাকা জোবাইয়া নওসিন জানান, যানবাহনের অপেক্ষায় অনেক সময় দাঁড়িয়ে থেকে না পেয়ে বাসায় ফিরে যাচ্ছেন।
রিকশাচালক ফারুক হোসেন জানান, ভোট দিতে গেছেন অনেক চালক। তাই রিকশা চালাতে রেব হননি। অনেকে আবার আজ ছুটি মনে করে যাত্রী পাবেন না ভেবে রিকশা নিয়ে বের হননি।








