রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে এবং ইফতার সামগ্রী বিক্রির ক্ষেত্রে যথাযথ মান বজায় রাখতে বাজার মনিটরিং করেছেন রাঙামাটির জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ।
শুক্রবার বনরূপা ও রিজার্ভ বাজার পরিদর্শন করে জেলা প্রশাসক বলেন, রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং করা হবে। কেউ বেশি দামে পণ্য বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুরো রমজান মাস জুড়ে বাজার মনিটরিং অব্যাহত থাকবে বলে তিনি জানান।
রাঙামাটি শহরের বনরূপা, রিজার্ভ, তবলছড়ি, কলেজ গেট, ভেদভেদি ও মানিকছড়ি বাজারে নিয়মিত মনিটরিং করা হবে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
ক্রেতারা জানান, নিয়মিত যদি বাজার মনিটরিং করা হয় তাহলে দ্রব্যমূল্য বাড়াতে পারবেন না অসাধু ব্যবসায়ীরা। বাজার মনিটরিংয়ের ব্যবস্থাটি নিয়মিত রাখার পাশাপাশি খাবারের মান যাচাই করার ব্যবস্থা রাখা দরকার।








