কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (২৮ মে) রাত ৯টার দিকে কুষ্টিয়া র্যাব-১২ এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতার দুই ব্যক্তি হলেন– সদর উপজেলার উদিবাড়ী এলাকার মৃত রুস্তম আলী শেখের ছেলে জিন্নাহ (৩৭) এবং শহরের থানাপাড়ার মৃত আব্দুল আলীমের ছেলে সাজ্জাদুর রহমান টপি (৩৫)।
র্যাব-১২ জানায়, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা শিক্ষা অফিসের সামনে অভিযান চালিয়ে অস্ত্র ব্যবসায়ী জিন্নাহকে গ্রেফতার করে র্যাব ও সিপিসি। এসময় তার কাছ থেকে একশ’ রাউন্ড ১২ বোর শর্টগানের কার্তুজ, দু’টি মোবাইল ফোন ও চারটি সিম উদ্ধার করা হয়। পরে জিন্নাহর দেওয়া তথ্যে সাজ্জাদুর রহমান টপিকে গ্রেফতার করা হয়। এসময় সাজ্জাদের বাড়ি থেকে একহাজার ৬৬৯ রাউন্ড ১২ বোর শর্টগানের গুলি, দু’টি দেশীয় একনলা বন্দুক ও দু’টি মোবাইল ফোনসহ ৪টি সিম উদ্ধার করা হয়।
গ্রেফতার দুই জনের বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও ওই সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।








