ময়মনসিংহের ভালুকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মিজান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (২৮ মে) দিনগত রাত ২টা ১০ মিনিটের দিকে ভালুকার পাড়াগাও এলাকায় এ ঘটনা ঘটে। এসময় পুলিশের দুই সদস্যও আহত হন। জেলা গোয়েন্দা পুলিশের ওসি আশিকুর রহমান এ খবর নিশ্চিত করেন।
পুলিশের দাবি, নিহত মিজান মাদক ব্যবসায়ী ও একাধিক ডাকাতি মামলার আসামি।
ওসি আশিকুর রহমান জানান, সোমবার দিনগত রাত ২টা ১০ মিনিটের দিকে জেলা গোয়েন্দা পুলিশ ও ভালুকা মডেল থানা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ওই ব্যক্তি নিহত হন। এসময় ভালুকা মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) আবুল কালাম ও এএসআই শাহআলম আহত হন। ঘটনাস্থল থেকে ১০০ গ্রাম হেরোইন, তিনটি গুলির খোসা, একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
ওসি আশিকুর রহমান আরও জানান, সোমবার রাত দেড়টার দিকে ভালুকার পাড়াগাঁও চটনপাড়া সামাদ ফকিরের বাড়ির পাশে পাকা রাস্তার পাশে কয়েকজন বিক্রেতা মাদক ভাগাভাগি করছে –এমন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ ও ভালুকা মডেল থানা পুলিশ যৌথভাবে মাদকবিরোধী অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী চক্রের সদস্যরা প্রথমে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে তারা গুলি ছুড়লে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়তে শুরু করে। একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে গুলিবিদ্ধ অবস্থায় মিজানকে উদ্ধার করা হয়। রাতেই তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এদিকে, আহত পুলিশ সদস্যদের ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
ওসি আশিকুর রহমান বলেন, ‘নিহত মিজান ভালুকা উপজেলার দক্ষিণ কাচিনা গ্রামের নুরুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে মাদক, অস্ত্র ও ডাকাতির ৯টি মামলা রয়েছে।’








