কক্সবাজারের টেকনাফ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫০ হাজার পিস ইয়াবাসহ ৪০ জন ‘মাদক ব্যবসায়ীকে’ গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে অনেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে দাবি পুলিশের।
সংশ্লিষ্ট সূত্র জানায়, টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়–য়ার নেতৃত্বে পুলিশের বিশেষ টিম সারাদেশের মতো টেকনাফ উপজেলার বিভিন্ন গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে গত এক সপ্তাহে ৪০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এর মধ্যে একটি অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ১০ মামলায় ১৫ জনকে গ্রেফতার দেখিয়ে কক্সবাজার আদালতে পাঠানো হয়। অন্য ২৫ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়–য়া বলেন, ‘শীর্ষ মাদক ব্যবসায়ী টেকনাফ জালিয়ার পাড়ার মো. জোবাইর, মো. সালমা ও মো. হাসান আলীর বাড়িতে অভিযান চালানো হয়েছে। তারা সবাই সরকারের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। মাদকবিরোধী বিশেষ অভিযান শুরু হওয়াতে তালিকাভুক্ত ইয়াবা ব্যবসার গডফাদাররা বাড়ি ছেড়ে পালিয়েছে।’
তিনি আরও বলেন, ‘ইয়াবার টাকায় যারা রাজ প্রাসাদের মতো বাড়ি বানিয়েছে, তাদের বাড়ি, গাড়ি ও ব্যাংক ব্যালেন্সের তথ্যও সংগ্রহ করা হচ্ছে। মাদক ব্যবসায়ীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া, বুধবার (৩০ মে)এক হাজার ইয়াবাসহ আটক টেকনাফের কুলাল পাড়ার মো. জাহাঙ্গীরকে বৃহস্পতিবার (৩১ মে) সকালে কক্সবাজার কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।








