খুলনা-মোংলা মহাসড়কের রামপাল উপজেলার সোনাতুনিয়া এলাকায় যমুনা এলপিজি’র একটি তরল গ্যাসবাহী ট্যাংকলরি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। ট্যাংকলরিটি শনিবার ভোর রাতে সাড়ে সতের মেট্রিক টন তরল গ্যাস নিয়ে খাদে পড়ে যায়। ট্যাংক লরিটি মোংলা বন্দর থেকে তরল গ্যাস নিয়ে বগুড়া যাচ্ছিল। খাদে পড়ে যাওয়ার পর থেকে ওই ট্যাংকলরি থেকে গ্যাস বের হচ্ছে।
সকাল থেকে ওই স্থানে সতর্ক অবস্থা জারি করা হয়েছে। সকাল থেকে ঘটনস্থলে খুলনা-বাগেরহাট ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এবং রামপাল ও হাইওয়ে থানার পরিদর্শকের (ওসি) নেতৃত্বে পুলিশের ২টি টিম অবস্থান করছে। ঘটনাস্থল থেকে বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মাসুদ সরদার ও সংশ্লিষ্ট দুই থানার ওসি এই তথ্য নিশ্চিত করেছেন।
তারা জানান, ভোর রাতে যমুনা এলপিজির তরল গ্যাসবাহী ট্যাংক লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। যেটি থেকে এখনও গ্যাস বের হচ্ছে। সকাল থেকে এলাকায় মাইকিং করে লোকজনকে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। মহাসড়কে যান চলাচল সীমিত করা হয়েছে। এই লরিটি তুলতে দুইটি ক্রেন লাগবে। একটি ঘটনাস্থলে আছে। অন্য ক্রেনটি মোংলা বন্দর থেকে আসলে উদ্ধার কাজ শুরু হবে। পরিস্থিতি মোকাবিলায় ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে অবস্থান করছে। আরও ৩টি ইউনিটকে প্রস্তুত রাখা হয়েছে।
পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে অবস্থান করছে।








