কক্সবাজারের টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত মে মাসে ২৩ জনকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় সাত লাখ ইয়াবাও জব্দ করা হয়। শনিবার (২ জুন) দুপুরে সংবাদকর্মীদের কাছে পাঠানো এক খুদেবার্তায় এ তথ্য জানিয়েছে বিজিবি।
বিজিবির দাবি, গ্রেফতার ২৩ জনের বিরুদ্ধে ৪৯টি মামলা রয়েছে। বর্তমানে তারা কক্সবাজার কেন্দ্রীয় কারাগারে রয়েছে।
বিজিবি জানায়, মে মাসে সীমান্তের নাফনদী ও এর উপকূলবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাত লাখ ১৮ হাজার ৪৬৫ পিস ইয়াবা জব্দ ও ২৩ জনকে গ্রেফতার করা হয়। এ ছাড়া, একহাজার ৮৪২ ক্যান বিয়ার, ৩৮০ বোতল বিদেশি মদ, ১৯০ লিটার চোলাই মদ, ৫০ গ্রাম গাঁজা ও ২৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
এ ব্যাপারে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আছাদুদ জামান চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মাদক নিয়ন্ত্রণ ও সীমান্তে চোরাচালান বন্ধে বিজিবি সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। টহল অব্যাহত রয়েছে। নাফ নদী ও সমুদ্রে নজরদারি বাড়ানো হয়েছে।’








