যশোর শহরে বখাটেদের হাত থেকে বোনকে রক্ষা করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন তার ছোট ভাই। পরে আহত ভাই-বোনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার (২ জুন) রাত সাড়ে ১০টার দিকে শহরের বকচর করিম ফুয়েল পাম্পের পাশের বস্তিতে এ ঘটনা ঘটে।
আহতের বোন বলেন, ‘রাত সাড়ে ১০টার দিকে শাহিনুর, শুকুর, শামিম ও রকি নামে কয়েকজন আমাকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্ট করে। আমার ভাই তাতে বাধা দিলে তাকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে তারা। পরে স্থানীয় লোকজন আমাকে ও ভাইকে উদ্ধার করে রাত ১২টার দিকে হাসপাতালে ভর্তি করে।’
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম আব্দুর রশিদ বলেন, ‘আহত তরুণের শরীরের বিভিন্ন স্থানে চাপা আঘাত রয়েছে। নাক দিয়ে রক্ত বের হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। তার বোনকেও সেক্সুয়াল অ্যাসল্ট হিসেবে ভর্তি করা হয়েছে।’
স্থানীয়দের বরাত দিয়ে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিনুর রহমান বলেন, ‘শনিবার সকালে শাহিন নামের একজনের স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা করে হাসপাতালে ভর্তি ওই তরুণ। এ নিয়ে ওই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। পরে রাতে শাহিন লোকজন নিয়ে ওই তরুণের বোনকে তুলে আনতে গেলে মারধরের ওই ঘটনা ঘটে।’
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আবুল বাসার বলেন, ‘দুই পক্ষের কাছ থেকে দুই ধরনের তথ্য পাওয়া গেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’








