বগুড়ার সারিয়াকান্দিতে দুই বছরের শিশুকন্যা তানজিলাকে শ্বাসরোধে হত্যার পর মা নাদিয়া বেগম (২৫) গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। রবিবার (৩ জুন) বিকালে উপজেলার চন্দনবাইশা ইউনিয়নের ঘুঘুমারি দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সারিয়াকান্দি থানার এসআই হারুনার রশিদ এ খবর নিশ্চিত করেন।
এসআই হারুনার রশিদ জানান, মানসিক রোগে ভুগছিলেন নাদিয়া। বিকাল সাড়ে ৫টায় লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
এসআই হারুনার রশিদ আরও জানান, ঘুঘুমারি দক্ষিণপাড়া গ্রামের তারাজুল ফকির ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। বাড়িতে তার স্ত্রী নাদিয়া বেগম দুই মেয়ে তানিয়া (৩) ও তানজিলাকে নিয়ে থাকেন। রবিবার সকালে শাশুড়ি ফুলেরা বেওয়া পাশের হাওড়াখালি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে যান। বিকাল ৩টার দিকে নাদিয়া ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। এরপর মেয়ে তানজিলাকে বালিশ চাপা দিয়ে হত্যা করে তিনি নিজেও ঘরের কাঠের বর্গার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। প্রতিবেশীরা টের পেয়ে থানায় খবর দেন। বিকাল সাড়ে ৫টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায় বলেও জানান এসআই।








