মিতু হত্যা: চার্জশিট শিগগির, বাদী-ই থাকছেন বাবুল আক্তার

হুমায়ুন মাসুদ, চট্টগ্রাম
০৫ জুন ২০১৮, ০২:২৪আপডেট : ০৫ জুন ২০১৮, ১৫:০৯

মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ড সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যাকাণ্ডের ঘটনায় দুই বছর ধরে একই বিন্দুতে স্থির রয়েছেন তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মোহাম্মদ কামরুজ্জামান। ‘আন্ডার ইনভেস্টিগেশন’ বলে বলে তিনি কাটিয়ে দিয়েছেন গত দুই বছর। দীর্ঘ এ সময়ে বহুল আলোচিত এই খুনের মাস্টারমাইন্ড কে, কী কারণে মিতুকে হত্যা করা হয়েছে তার কোনও কূলকিনারা করতে পারেননি নগর পুলিশের এই কর্মকর্তা। কিলিং মিশনের কথিত মাস্টারমাইন্ড কামরুল ইসলাম ওরফে মুছার হদিসও পায়নি গোয়েন্দা পুলিশ। মুছা পলাতক রয়েছে, নাকি নিখোঁজ এ ব্যাপারেও স্পষ্ট কোনও বক্তব্য নেই তদন্ত কর্মকর্তার।

জানা গেছে, চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের শিগগিরই অভিযোগপত্র দাখিল করা হবে। তবে তাতে বাবুল আক্তারকে আসামি করা হচ্ছে না। তিনি মামলার বাদী-ই থাকছেন। তদন্ত সংশ্লিষ্ট নগর গোয়েন্দা পুলিশের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, দুয়েক দিনের মধ্যে অভিযোগপত্র আদালতে দাখিল করতে পারেন তদন্ত কর্মকর্তা। সেটি আজ ৫ জুন হতে পারে, আবার এরপরও হতে পারে।

সোমবার (৪ জুন) দুপুরে মামলার অগ্রগতির বিষয়ে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা কামরুজ্জামান এ বিষয়ে স্পষ্ট কোনও বক্তব্য দিতে রাজি হননি। তদন্তাধীন বিষয়ে বক্তব্য দেয়াটা উচিত হবে না বলে তিনি জানান। কামরুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মামলার তদন্তে আমরা অনেকদূর এগিয়েছি। অভিযোগপত্র তৈরির কাজ চলছে। কিছু কাজ বাকি আছে। সেগুলো শেষ করার পর খুব শিগগির আমরা আদালতে অভিযোগপত্র দাখিল করবো।’

কার নির্দেশে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, প্রধান আসামি হিসেবে কার নাম উঠে আসছে, কয়জনকে আসামি করা হচ্ছে এসব বিষয়ে জানতে চাইলে তিনি তদন্তাধীন বিষয়ে মন্তব্য করা উচিত নয় বলে এড়িয়ে যান। অভিযোগপত্রে চমক আছে বলেও এ সময় তিনি মন্তব্য করেন। তবে সেই চমকটা কী থাকছে এ ব্যাপারে কিছু বলতে রাজি হননি।

তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, চূড়ান্ত অভিযোগপত্রে বাবুল আক্তারকে মামলার বাদী ও গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে রাখা হচ্ছে। আর খুনের ‘মূলহোতা’ মুছাকে প্রধান আসামি করা হচ্ছে। এর বাইরে অন্তত ৬ থেকে ৭ জনকে আসামি করা হবে।

তবে বাবুল আক্তারকে আসামি না করে অভিযোগপত্র দিলে তা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন মিতুর বাবা মোশারফ হোসেন।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসামির তালিকা থেকে বাবুল আক্তারকে বাদ দেওয়ার কোনও সুযোগ নেই। কারণ, অভিযুক্ত হওয়ার কারণেই পুলিশ ডিপার্টমেন্ট থেকে তিনি চাকরি হারিয়েছেন। অভিযুক্ত হয়েছেন বলেই চাকরিতে যোগদানের জন্য পুনরায় আবেদন করার পর ডিপার্টমেন্ট তার আবেদন নাকচ করেছে।’

মামলার তদন্তে সন্তুষ্ট কিনা জানতে চাইলে মোশারফ হোসেন বলেন, ‘সাধারণ কোন মামলা তদন্ত করার সময় ভিকটিমের পরিবারের সঙ্গে তদন্ত কর্মকর্তা সার্বক্ষণিক যোগাযোগ রাখেন। মিতু হত্যার ঘটনায় তদন্ত কর্মকর্তা শুরুর দিকে আমাদের সঙ্গে যোগাযোগ রাখলেও শেষদিকে কোনও যোগাযোগ রাখেননি।’ গত এক বছর তদন্ত কর্মকর্তার সঙ্গে পরিবারের সদস্যদের কোনও কথা হয়নি বলে তিনি জানান।

২০১৬ সালের ৫ জুন চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকায় মাহমুদা আক্তার মিতুকে ছুরিকাঘাত ও গুলি চালিয়ে হত্যা করে পালিয়ে যায় তিন মোটরসাইকেল আরোহী। এ ঘটনায় বাবুল আক্তার নগরীর পাঁচলাইশ থানায় অজ্ঞাত তিনজনের নামে একটি মামলা করেন।

মামলার সন্দেহভাজন আসামির মধ্যে ওয়াসিম, আনওয়ার, শাহজাহান এবং এহতেশামূল হক বর্তমানে কারাগারে। এছাড়াও মূল আসামি মুছা ও কালু পলাতক। আর জামিনে রয়েছে আসামি ছায়েদুল আলম ছাক্কু, আবু নসর গুন্নু এবং রবিন। কথিত বন্দুকযুদ্ধে মারা যায় আসামি নবী ও রাশেদ।

ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে মূছা, কালু, ওয়াসিম, আনোয়ার ও নবীকে। তারা কিলিং মিশনে সরাসরি অংশ নিয়েছে। ছাক্কু হত্যাকারীদের মোটরসাইকেল দেয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত রিভলভার সরবরাহ করে এহতেশামূল হক।

ঘটনার পর গত বছরের ৬ জুন নগরীর বাদুরতলা এলাকার একটি গ্যারেজ থেকে পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। ১১ জুন মতিঝর্ণা এলাকা থেকে শাহ জামান রবিনকে আটক করে আদালতে হাজির করে পুলিশ।

২৬ জুন হত্যাকারী মোতালেব মিয়া ওয়াসিম এবং আনোয়ারকে আটক করে গোয়েন্দা পুলিশ। স্বীকারোক্তিতে তারা দাবি করে, ‘মুছা এ হত্যাকাণ্ডের পরিকল্পনা করে এবং টাকার বিনিময়ে তাদের ভাড়া করা হয়। ঘটনার দিন মুছা মিতুর মাথায় গুলি করে এবং নবী তাকে ছুরিকাঘাত করে। রাশেদ, শাহজাহান ও কালু তাদের সহযোগিতা করে। অস্ত্র সরবরাহ করে ভোলা।’

২৮ জুন নগরীর বাকালিয়া এলাকা থেকে অস্ত্রসহ এহতেশামূল হক ভোলা ওরফে হানিফুল হক ওরফে ভোলাইয়া এবং তার সহযোগী মনিরকে আটক করে পুলিশ। পরে পুলিশ মোটরসাইকেল সরবরাহ করার অভিযোগে রাঙ্গুনিয়া থেকে মুসার বড় ভাই সাইফুল ইসলাম ছাক্কু এবং শাহজাহানকে আটক করে।

৫ জুলাই গোয়েন্দা পুলিশ জানায়, রানিরহাট এলাকায় অভিযান চলাকালে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রাশেদ এবং নবী নিহত হয়। যদিও ২ জুলাই রাশেদের বাবা এক সংবাদ সম্মেলনে জানান, ২৩ জুন সাদা পোশাকের পুলিশ বাড়ি থেকে রাশেদ ও নবীকে তুলে নিয়ে যায়। এরপর থেকেই তারা নিখোঁজ ছিল।

অন্যদিকে মিতু হত্যার ঘটনায় একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে মামলার বাদী সাবেক এসপি বাবুল আক্তারকে। এরমধ্যে ২৫ জুন নাটকীয়ভাবে বাবুল আক্তারকে ঢাকায় তার শ্বশুরবাড়ি থেকে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে গিয়ে ১৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। ওই দিন তার কাছ থেকে পদত্যাগপত্রে ‘জোরপূর্বক’ স্বাক্ষর নেওয়া হয়। গত ৬ সেপ্টেম্বর পদত্যাগপত্র গ্রহণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই ঘটনায় সর্বশেষ গত বছরের ১৭ ডিসেম্বর বাবুল আক্তার সিএমপি কার্যালয়ে এসে মামলার তদন্ত কর্মকর্তার সঙ্গে কথা বলেন।

/এএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম