পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ মঙ্গলবার (৫ জুন) বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হয়েছে। দিনটি উপলক্ষে এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ওড়ানো ও শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করা হয়। পরে সেখান থেকে এক বর্ণাট্য র্যালি বের করা হয়, যা ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের ওয়াজ উদ্দিন ভবনের সামনে গিয়ে শেষ হয়। সবশেষে ওই ভবনের মিলনায়তনে আলোচনা সভা হয়।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রোস্তাম আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন– রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সাবেক হাই-কমিশনার (যুক্তরাজ্য) প্রফেসর ড. এম সাইদুর রহমান খান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল হক, কোষাধ্যক্ষ প্রফেসর ড. আনোয়ার খসরু পারভেজ প্রমুখ। এসময় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।








