বগুড়া জেলা ছাত্রদলের কমিটির মেয়াদোত্তীর্ণের ৬ বছর পর পাঁচ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা হয়েছে। মঙ্গলবার (৫ জুন) ছাত্রদল সরকারি শাহ সুলতান কলেজ শাখার সভাপতি আবু হাসান সভাপতি ও সরকারি আজিজুল হক কলেজ শাখার যুগ্ম-আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী রিগ্যানকে সাধারণ সম্পাদক করে নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহসভাপতি আবু জাফর জেমস, যুগ্ম সম্পাদক সোহেল রানা এবং সাংগঠনিক সম্পাদক রবিউল আউয়াল। নতুন কমিটি উপলক্ষে দলের নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে বলে জানা গেছে।
জানা যায়, কেন্দ্রীয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান মঙ্গলবার এ কমিটির অনুমোদন দিয়েছেন। আগামী একমাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা পাঠাতে বলা হয়েছে।
এ প্রসঙ্গে বিদায়ী কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম জানান, ‘এরা (নতুন কমিটির) সবাই নিয়মিত ছাত্র। এ কমিটি ভাল করবে।’
বিদায়ী কমিটির সিনিয়র সহসভাপতি হাসানুজ্জামান পলাশ জানান, ‘২০০০ সাল থেকে এসএসসি পাশ নিয়মিত ছাত্ররা ছাত্রদলে থাকতে পারবেন।’ তিনি নতুন কমিটির নেতাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
দলীয় সূত্র জানায়, ২০১০ সালের ৩০ মে জেলা ছাত্রদলের সম্মেলন অনুষ্ঠিত হয়। ৪ জুন জাহাঙ্গীর আলমকে সভাপতি, হাসানুজ্জামান পলাশকে সিনিয়র সহসভাপতি, শাহাবুল আলম পিপলুকে সাধারণ সম্পাদক, সাখাওয়াত হোসেনকে যুগ্ম সম্পাদক এবং ফারুকুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে বগুড়া জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্র থেকে ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে কোন্দলের কারণে পূর্ণাঙ্গ কমিটি করতে বিলম্ব হয়। পরের বছর ১০ ফেব্রুয়ারি কেন্দ্রীয় কমিটি বগুড়া জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছিল। এরপর মঙ্গলবার নতুন কমিটি ঘোষণা করা হলো।







