দিনাজপুরের বীরগঞ্জে গরুর বাদাম ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহম্মেদ আলী (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন একই পরিবারের ৬ জন। শুক্রবার দুপুরে বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের মুরারীপুর বাজারের পাশে আরাজি মিলনপুর গ্রামে দুই প্রতিবেশির মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন আব্দুর রহিম, নাজিম উদ্দিন, শাকিল, শাহানাজ, শামীম ও খাদেম। তাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আহম্মেদ আলী দুপুরে বাড়ির পাশে ক্ষেতে গিয়ে দেখেন একই গ্রামের কুদ্দুসের গরু তার ক্ষেতের বাদাম গাছ খেয়ে ফেলছে। এসময় তিনি গরুটি ক্ষেত থেকে নিয়ে যাওয়ার সময় গরুর মালিক কুদ্দুসের সঙ্গে কথা কটাকাটি হয়। এর একপর্যায়ে কুদ্দুসের পরিবারের লোকজন ছুটে এলে উভয় পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পথে বৃদ্ধ আহম্মেদ আলী মারা যান।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিলা পারভীন বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের মধ্যে দুজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।’








