গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি বাজারে আগুনে ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। রবিবার (১০ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এ আগুন লাগে। টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সাইফুল ইসলাম এ খবর নিশ্চিত করেন।
সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের দুইটি ও জেলা সদরের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তিনি জানাতে পারেননি।
আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন– ইসমাইল খান (মুদি ও লেপ-তোষকের দোকানদার), বিকাশ সাহা (হোটেল মালিক), কবির শেখ (তুলার দোকানদার), মোজাহিদ কাজী (মুদি দোকানদার) এবং তুহীন শেখ (ওয়ার্ক সপের মালিক)।
ঘটনার পর ঘটনাস্থলে ছুটে যান টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা ও উপজেলা নির্বাহী অফিসার নাকিব হাসান তরফদার। তারা আগুন নিভানোর বিষয়টি দাঁড়িয়ে থেকে তদারকি করেন।
সাইফুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুন লেগেছে। পরে টুঙ্গিপাড়ার দুইটি ও জেলা সদর থেকে আসা একটি ইউনিট গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।








