পটুয়াখালীর গলাচিপা উপজেলার বিভিন্ন স্থানে টর্নেডোর আঘাতে অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত ও গাছপালা লন্ডভন্ড হয়ে গেছে। সোমবার (১১ জুন) রাত সোয়া ৯টার দিকে মাত্র ৫০ সেকেন্ডের টর্নেডোর আঘাতে এ অবস্থা হয়। ঘটনার পরপরই ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছে উপজেলা প্রসাশন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষ জানান,গলাচিপার বিভিন্ন এলাকায় রাত সোয়া ৯টার দিকে আকস্মিকভাবে টর্নেডো আঘাত হানে। এটি ৫০ সেকেন্ডে পর্যন্ত স্থায়ী ছিলো। টর্নেডোতে উপজেলার ১নং গলাচিপা ইউনিয়নের বোয়ালিয়া এলাকায় ২৫টি,পানপট্টি ইউনিয়নের সেনের হাওলা,তুলাতীল ও গ্রামর্দন এলাকায় অন্তত ৪০টি আধাপাকা ও কাঁচা ঘরবাড়ি সম্পূর্ণ ও আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে ক্ষতিপূরণ দেওয়ার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌসিফ আহমেদ জানান,‘সোমবার রাতেই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। তালিকা তৈরির কাজ দ্রুত শেষ করে ক্ষতিগ্রস্তদের বসতঘর মেরামত ও নির্মাণ করে দেওয়া হবে।’








