রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বাসচাপায় ইমন সরদার (২১) নামে একজন নিহত হয়েছেন। শনিবার (২৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ইমন ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার কাঠিয়া বড়গ্রামের ইসমাইল সরদারের ছেলে। তিনি ওই বাসের চালকের সহকারী ছিলেন।
রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবী হোসেন খাঁন জানান, সুবর্ণ পরিবহনের একটি বাস দৌলতদিয়া তেলের পাম্পের কাছে অন্য একটি বাসকে ‘ওভারটেক’ করতে যায়। এসময় বাসটির সামনের গেইটে দাঁড়িয়ে থাকা হেল্পার ইমন ছিটকে ওই বাসের নিচে চাপা পড়ে। স্থানীয়রা উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি নবী হোসেন খাঁন আরও জানান, ঘাতক বাসটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।








