আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে আজ শুক্রবার (২৯ জুন) শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘চাঁপাই ম্যাংগো ফেস্ট-২০১৮’। উৎসব চলবে ১ জুলাই পর্যন্ত। প্রথমবারের মতো এ আয়োজনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশসান।
চাঁপাইনবাবগঞ্জ শহরের অদূরে বারঘরিয়ায় দৃষ্টিনন্দন পার্কে তিন দিনব্যাপী এই আয়োজনে থাকবে বিভিন্ন জাতের আম ও আমজাত পণ্যের প্রদর্শনী, স্থানীয় লোকজ সংস্কৃতি এবং হস্তশিল্প প্রদর্শনী। থাকছে আম খাওয়া প্রতিযোগিতাও।
আয়োজকরা জানিয়েছেন, জেলার ইতিহাস, ঐতিহ্য, পর্যটন শিল্পের বিকাশ, আমভিত্তিক জেলার অর্থনীতির ভিত তৈরির লক্ষ্যেই প্রথমবারের মতো এ আয়োজন করেছে জেলা প্রশাসন। আর উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে নেওয়া হয়েছে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থাও।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হাসান বলেন, ‘জেলায় আমভিত্তিক পর্যটন শিল্পের বিকাশ, জেলার কৃষ্টি কালচার এবং ঐতিহ্যের প্রসার, ঐতিহ্যবাহী ও দর্শনীয় স্থানগুলো পর্যটকদের কাছে আকর্ষণীয় করা; আমের সঙ্গে সংশ্লিষ্ট অর্থনৈতিক কর্মকাণ্ডে বৈচিত্র্য আনয়ন ও চাঁপাইনবাবগঞ্জের আমের স্বতন্ত্র পরিচয় প্রতিষ্ঠা এবং দেশের জনগণের সামনে তা তুলে ধরার উদ্দেশ্যেই এই ম্যাংগো ফেস্টের আয়োজন করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘দেশি-বিদেশি পর্যটক ও বিনিয়োগকারীসহ সর্বস্তরের জনগণ, ভ্রমণপিপাসু জনগোষ্ঠী ও শিক্ষার্থীরা হলো এই ফেস্টের টার্গেট গ্রুপ।’
পরিকল্পনা উপ-কমিটির উপ-পরিচালক (স্থানীয় সরকার) ও এই ফেস্টের আহ্বায়ক ড. চিত্রলেখা নাজনীন বাংলা ট্রিবিউনকে জানান, তিন দিনব্যাপী এই ফেস্টে থাকবে চাঁপাইনবাবগঞ্জে উৎপাদিত বিভিন্ন জাতের আমের প্রদর্শনী ও বিক্রি; আম বাগান ভ্রমণ এবং বাগান থেকে সরাসরি আম সংগ্রহ; আম থেকে উৎপাদিত বিভিন্ন পণ্যের প্রদর্শনী; রেশম কাপড়, নকশী কাঁথাসহ জেলার ঐতিহ্যবাহী পণ্যের প্রদর্শনী; কলাইয়ের রুটিসহ ঐতিহ্যবাহী খাবারের প্রদর্শনী; গম্ভীরা, আলকাপ গান ও পটগানসহ জেলার সাংস্কৃতিক বিষয়গুলোর পরিবেশনা; জেলার ঐতিহ্য ও পর্যটন সম্ভাবনা তুলে ধরা, আম চাষি সমাবেশ, আনন্দ আয়োজন ও সম্মাননা প্রদান, আম বিষয়ক সেমিনার, আলোচনা, আড্ডা এবং স্মৃতিচারণ।
তিনি আরও জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সার্বিক আয়োজনে জেলার আম চাষি, ব্যবসায়ী, আড়তদার, আম প্রক্রিয়াজাতকারী ব্যক্তি ও প্রতিষ্ঠান, সরকারি দফতর ও সংস্থা, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান এবং উন্নয়ন সংস্থা এই আয়োজনে অংশ নেবে।
জেলা পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম বলেন, ‘উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’
মহানন্দা নদীর তীরে অবস্থিত বারঘরিয়া দৃষ্টিনন্দন পার্কে এ উৎসবের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে টানানো হয়েছে বর্ণিল ফেস্টুন ও প্রধান সড়কগুলোতে করা হয়েছে আলোকসজ্জা। অন্যান্য জেলা থেকে আগত দর্শনার্থীদের জন্য আম বাগান এবং দর্শনীয় স্থান পরিদর্শনের জন্য নেওয়া হয়েছে পর্যাপ্ত ট্যুর গাইড ও যানবাহনের ব্যবস্থা।
বিকাল সাড়ে ৪টায় শোভাযাত্রার মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে চাঁপাই ম্যাংগো ফেস্টের উদ্বোধন করবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জিল্লার রহমান।








