দলীয় নির্দেশ অমান্য করে টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেওয়ায় বিএনপির প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি এনামুল করিম অটলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার ( ২৯ জুন) কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এনামুলকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি শামছুল আলম তোফা এ তথ্য নিশ্চিত করেছেন।
শামছুল আলম তোফা বলেন, ‘এনামুলকে নির্বাচনের শেষ মুহুর্তে এসে বিএনপির কেন্দ্রীয় নীতি নির্ধারকের পক্ষ থেকে তার প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। কিন্তু এনামুল নির্বাচন থেকে না সরে ভোটে অংশগ্রহণ করার সিদ্ধান্ত জানিয়েছেন। এ কারণে শুক্রবার দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে এনামুলকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।’
মেয়র প্রার্থী এনামুল বলেন,‘বিষয়টি আমি শুনেছি। তবে আমি নির্বাচন করবো।’
উল্লেখ্য, টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচন আজ শনিবার (৩০ জুন)। এর আগে শুক্রবার (২৯ জুন) বেলা সাড়ে ৩টার দিকে বাসাইল উপজেলা নির্বাচনি কার্যালয় থেকে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় ভোটগ্রহণ সরঞ্জাম বিভিন্ন কেন্দ্রে পাঠানো হয়েছে। নির্বাচন সুষ্ঠু,নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে ইতোমধ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচনি কার্যালয় সূত্র জানায়,আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কড়া নিরাপত্তায় সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার,সহকারী প্রিজাইডিং অফিসার,পোলিং অফিসারদের তত্ত্বাবধানে কেন্দ্রে কেন্দ্রে ভোটগ্রহণ সরঞ্জাম পৌঁছেছে। বাসাইল পৌর নির্বাচনে এবার মেয়র পদে ৩ জন,সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ১০টি কেন্দ্রে আট হাজার ৪৭৫ জন নারী,সাত হাজার ৯২৫ জন পুরুষসহ মোট ভোটার ১৬ হাজার ৪০০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।








