আগামী ২৮ ও ২৯ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলা খেলাঘর আসরের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। শুক্রবার বিকেলে নগরীরর চাষাঢ়া শিশু একাডেমি মিলনায়তনে জেলা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ৩৭ সদস্য বিশিষ্ট একটি সম্মেলন প্রস্তুতি কমিটি ও ১১টি উপ কমিটি গঠন করা হয়।
চাষাঢ়া কেন্দ্রীয় শহিদ মিনারে প্রায় সাড়ে তিন হাজার শিশুর উপস্থিতিতে ২৮ সেপ্টেম্বর বিকেল ৩টায় সম্মেলেনের উদ্বোধন করা হবে। পরের দিন ২৯ সেপ্টেম্বর আলী আহম্মেদ চুনকা নগর মিলনায়তনে কাউন্সিল অধিবেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে দুই দিনব্যাপি সম্মেলন।
নারায়ণগঞ্জ খেলাঘর আসরের সভাপতি রথিন চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক মহসিনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, কেন্দ্রীয় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভবানী শংকর রায়, নারায়ণগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুমন রেজা, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, অ্যাডভোকেট আওলাদ হোসেন, মোস্তাফিজুর রহমান পলাশ প্রমুখ।








