বিএনপি গণতন্ত্র বা নির্বাচনের ধার ধারে না বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেছেন, ‘বিএনপি গণতন্ত্র বা নির্বাচনের ধার ধারে না। তারা গণতন্ত্র ও নির্বাচনকে ব্যবহার করে নাশকতা ও অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে চাইছে।’
শনিবার (৩০ জুন) দুপুর ১২টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারায় নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, ‘আগে বিএনপিকে ঠিক করতে হবে। আসলে তারা গণতন্ত্র-নির্বাচনে বিশ্বাসই করে না। মূলত তারা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করার জন্য গণতন্ত্র-নির্বাচনের সুযোগ নিচ্ছে। তারা চায়, দেশে বিচার-আচার বন্ধ হয়ে যাক, মানবতাবিরোধী অপরাধীরা মুক্তি পাক এবং দুর্নীতির দায়ে দণ্ডিতরা কারগার থেকে বেরিয়ে আসুক।’
তথ্যমন্ত্রী বলেন, ‘অপরাধীদের মুক্তি দেওয়াই বিএনপির মূল রাজনীতি। সেই রাজনীতির অংশ হিসেবে সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে যে কোনও পন্থায় তারা কারাগার থেকে মুক্তি করার চক্রান্তে লিপ্ত রয়েছে।’
এসময় উপস্থিত ছিলেন– ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল মারুফ, জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপনসহ জাসদ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।








