রাজবাড়ীতে ওয়ান শ্যুটারগান ও চার রাউন্ড গুলিসহ ১০ মামলার আসামি শিমুল শেখকে (২৭) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (১ জুলাই) বিকালে জেলা সদরের মিজানপুর ইউনিয়নের বড়চর বেনীনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ওসি কামাল হোসেন ভূঁইয়া এ খবর নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত শিমুল রাজবাড়ী শহরের কলেজপাড়া মেছোঘাটা এলাকার মৃত আক্কাস শেখের ছেলে। পুলিশের দাবি, সে ওই এলাকার শীর্ষ সন্ত্রাসী।
ওসি কামাল হোসেন ভূইয়া জানান, রবিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে বড়চর বেনীনগর এলাকার নান্নুর ইটভাটার পাশ থেকে একটি ওয়ান শ্যুটারগান ও চার রাউন্ড গুলিসহ শিমুলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও চাঁদাবাজিসহ মোট ১০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। অস্ত্রসহ গ্রেফতারের ঘটনায় তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।








