হেরোইন পরিবহণের দায়ে নাটোরে এক যুবককে যাবজ্জীবন করাদণ্ড দিয়েছে আদালত। দীর্ঘ সাত বছর মামলার শুনানি শেষে জেলা ও দায়রা জজ রেজাউল করিম সোমবার বিকেলে এই আদেশ দিলেন।
দণ্ডপ্রাপ্ত নূরুল ইসলাম (৩৮) রাজশাহীর চারঘাট উপজেলার ধর্মঘাটা এলাকার ওয়াজউদ্দিন প্রামাণিকের ছেলে। নাটোর জজকোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এবং কোর্ট ইন্সপেক্টর নাছির উদ্দিন মণ্ডল রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।
সিরাজুল ইসলাম জানান, নাটোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল ২০১১ সালের ৩ ফেব্রুয়ারি বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের লাথুরিয়া এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালায়। ওই সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের যাত্রী নুরুল ইসলামকে ১০০গ্রাম হেরোইনসহ আটক করা হয়। পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আমিনুল কবির বাদী হয়ে মামলা দায়ের করেন। দীর্ঘ সাত বছর সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে সোমবার বিকেলে আদালত এই রায় ঘোষণা করেন।








