রাজশাহী মেট্রোপলিটন পুলিশে (আরএমপি) কমিশনার হিসেবে যোগ দিয়েছেন এ কে এম হাফিজ আক্তার, বিপিএম। এরপর সোমবার ৩টায় আরএমপি সদর দফতর সম্মেলন কক্ষে বিভিন্ন স্তরের কর্মকর্তার সঙ্গে পরিচিত হন ও মতবিনিময় করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মহানগর পুলিশের সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম জানান, আরএমপিতে যোগদানের আগে তিনি বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় অতিরিক্ত ডিআইজি হিসেবে ট্রান্সপোর্ট শাখায় কর্মরত ছিলেন।
আরএমপি’র দেওয়া তথ্য অনুযায়ী, এ কে এম হাফিজ আক্তার আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ থেকে বিএসসি এবং একই বিশ্ববিদ্যালয়ের এগ্রোনোমি বিভাগ হতে এমএস ডিগ্রি লাভ করেন। এছাড়া তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৮ সালে ১৭তম বিসিএসে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি সহকারী পুলিশ কমিশনার হিসেবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন। সার্কেল এএসপি হিসেবে তিনি চট্টগ্রাম জেলা পুলিশের পটিয়া সার্কেলে কর্মরত ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে তিনি চট্টগ্রাম জেলা পুলিশে কর্মরত ছিলেন। পুলিশ সুপার (প্রশাসন) হিসেবে পুলিশ একাডেমি সারদায় কর্মরত ছিলেন। ডেপুটি পুলিশ কমিশনার হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রান্সপোর্ট বিভাগ, গুলশান বিভাগ, চ্যান্সেরি বিভাগ ও উত্তরা বিভাগে দায়িত্ব পালন করেন। পুলিশ সুপার হিসেবে তিনি টাঙ্গাইল ও চট্টগ্রাম জেলার দায়িত্ব পালন করেন। ২০০৬-২০০৭ সালে তিনি কসোভো জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেন। পুলিশ বিভাগে কাজের স্বীকৃতি হিসেবে তিনি বিপিএম সেবা ও আইজিপি ব্যাজ পদক লাভ করেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।








