চট্টগ্রামের আগ্রাবাদে পা পিছলে ম্যানহোলে পড়ে যাওয়ার একঘণ্টা পর মোশারফ হোসেন (১৩) নামে এক কিশোরকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা। মঙ্গলবার (৩ জুলাই) বেলা ২টা ২০ মিনিটে ওই কিশোর আগ্রাবাদ গোসাইলডাঙ্গা মন্দিরের সামনে ম্যানহোলে পড়ে যায়। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. রেজাউল কবির এ তথ্য জানিয়েছেন।
ওই কিশোরের নাম মোশারফ। আহত হয়ে বর্তমানে সে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা এলাকায়।
রেজাউল করিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় মোশারফ পা পিছিলে ম্যানহোলে পড়ে যায়। তার চিৎকার শুনে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে আমাদের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে একঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করেন।’
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মোশারফকে বিকাল ৩টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকামুক্ত।’








