রাজশাহীর উন্নয়নে আগামী ৩০ বছরে যত কাজ হওয়া দরকার, নির্বাচিত হলে এক মেয়াদেই তা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত মেয়রপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। মঙ্গলবার (৩ জুলাই) দুপুরে রাজশাহী কলেজ মিলনায়তনে মহানগর ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ প্রতিশ্রুতি দেন।
খায়রুজ্জামান লিটন বলেন, ‘আমি মেয়র থাকাকালে যত উন্নয়ন কাজ করেছি, গত পাঁচ বছরে সব ধ্বংস হয়ে গেছে। ঝকঝকে-চকচকে রাজশাহী এখন দুর্গন্ধ, ধুলাবালি ও ময়লা-আবর্জনায় ভরে গেছে। সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ড থেমে আছে। আমি আগামীতে সুযোগ পেলে যানজট নিরসনে তিনটি ফ্লাইওভার করবো। এ ছাড়া, আবারও রাজশাহীকে ঝকঝকে-চকচকে শহর করা হবে। এ শহরের উন্নয়নে আগামী ৩০ বছরে যত কাজ হওয়া দরকার, আমি নির্বাচিত হলে তা পাঁচ বছরে করবো।’
তিনি আরও বলেন, ‘হলফনামায় মেয়রপ্রার্থীদের উল্লেখ করা অর্থ ও সম্পদ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ বেরিয়েছে। পাঁচ বছর আগে সদ্যবিদায়ী মেয়রের কত কী ছিল, আর এখন তার কত অর্থ-সম্পদ হয়েছে, আপনারা দেখেন। পাঁচ বছরে তার আয় বেড়েছে কয়েকগুণ; এসব তো হিসেবের। আর হিসেবের বাইরে যা যা আছে তা আমি আজ আর বলছি না।’
রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন– কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এসএম কামাল হোসেন, নুরুল ইসলাম ঠান্ডু, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।
মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিবের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন– জেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি নাইম রহমান, সাধারণ সম্পাদক চৌধুরী মাহফুজুর রহমান তপু প্রমুখ।








