একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৬ টাকা। একদিন আগেও যেখানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছিল ২৩-২৪ টাকা দরে। বর্তমানে তা বিক্রি হচ্ছে ১৭-১৮ টাকা কেজি দরে। তবে ভালো মানের পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০-২১ টাকায় বিক্রি হচ্ছে।
হিলি স্থলবন্দর ঘুরে দেখা গেছে, আগে ভারত থেকে নাসিক ইন্দোর ও রাজস্থান জাতের পেঁয়াজ আমদানি হতো। সম্প্রতি এর সঙ্গে যুক্ত হয়েছে কানপুর জাতের পেঁয়াজ। এসব পেঁয়াজ পাইকারিতে (ট্রাকসেল) প্রকারভেদে ১৭-১৮ টাকায় বিক্রি হচ্ছে।
বাংলাহিলি বাজার ঘুরে দেখা গেছে, আমদানিকৃত পেঁয়াজ ২০-২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর দেশি জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০-৪৫ টাকা কেজি দরে।
পেঁয়াজ আমদানিকারক হারুন উর রশীদ ও ব্যবসায়ী রবিউল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, আটকে থাকা ট্রাক থেকে পণ্য খালাসের দাবিতে ভারতীয় ট্রাক চালকদের অবস্থান কর্মসুচির কারণে মঙ্গলবার ও বুধবার দু’দিন আমদানি- রফতানি বন্ধ ছিল। ফলে পেঁয়াজের সরবরাহ কমায় দাম কিছুটা বেড়ে যায়। বৃহস্পতিবার থেকে পুনরায় আমদানি রফতানি শুরু হয়েছে। এতে করে দেশের বাজারে পেঁয়াজের দাম কমেছে। এছাড়াও দু’দিন ধরে ট্রাকে পেঁয়াজ আটকা থাকার ফলে পেঁয়াজের মান কিছুটা খারাপ হওয়ার কারণেও দাম কমেছে।








