নীলফামারীর ডোমার বাজারে দু’টি কাপড়ের দোকানে পুলিশ পরিচয়ে প্রতারণা করার অভিযোগে বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ। ডোমার বাজারের মসজিদ মার্কেটে রবিবার এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলেন, আবুল কালাম আজাদ (৬০) ও মাইদুল ইসলাম রাহী (১৬)। পুলিশ জানায়, তাদের রংপুরে আলমনগরের সেনপাড়া ও জলঢাকা উপজেলায় দু’টি বাড়ি রয়েছে।
ডোমার থানার ওসি মোকছেদ আলী ব্যাপারী আটকের তথ্য নিশ্চিত করে জানান, পুলিশের নেমপ্লেটসহ তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি রবিবার দুপুরে জব্দ করা হয়। বিকালে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বাজার মসজিদ মার্কেটের হিমি বস্ত্রালয়ের মালিক হাবিবুর রহমান হাবিব বলেন, ‘আমার দোকানে ৩৫ হাজার টাকার ও পাশের শিপন গার্মেন্টসে দুই হাজার টাকার কাপড় নিয়ে তারা নিজেদের পুলিশ পরিচয় দেয়। কোনও টাকা না দিয়ে পরিবারকে দেখানোর কথা বলে তারা চলে যেতে চায়। এতে আমাদের সন্দেহ হয়। এজন্য তাদের পেছনে আমরা লোক পাঠিয়ে দেই এবং পুলিশকে অবগত করি। পরে পুলিশ এসে তাদের জিজ্ঞাসাবাদ করে। পুলিশের কাছে সঠিক পরিচয় দিতে না পারায় তাদের গ্রেফতার করা হয়।








